দেশের রপ্তানি সম্ভাবনা তুলে ধরা এবং আন্তর্জাতিক বাজারে বাংলাদেশি পণ্যের প্রসার ঘটাতে আগামীকাল রোববার (১৫ নভেম্বর) থেকে শুরু হচ্ছে তিন দিনব্যাপী ‘গ্লোবাল সোর্সিং এক্সপো ২০২৬ ঢাকা’। রাজধানীর পূর্বাচলে বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে দ্বিতীয়বারের মতো এ মেলার আয়োজন করা হচ্ছে। এতে দেশি-বিদেশি ১৬১টি প্রতিষ্ঠান অংশ নেবে। থাকবে ২৪০টি স্টল।
শনিবার (১৪ নভেম্বর) কারওয়ান বাজারের রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ইপিবির ভাইস চেয়ারম্যান ও প্রধান নির্বাহী কর্মকর্তা মো. হাসান আরিফ। ইপিবি ও বাণিজ্য মন্ত্রণালয়ের উদ্যোগে ১৫ থেকে ১৭ নভেম্বর এই এক্সপো অনুষ্ঠিত হবে।
তিনি বলেন, এবারের এক্সপোতে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, স্পেন, চীন, জাপান, সংযুক্ত আরব আমিরাত, আফগানিস্তান, ভারত, পাকিস্তান ও আর্জেন্টিনাসহ বিভিন্ন দেশের ক্রেতা, বিনিয়োগকারী এবং সোর্সিং প্রতিষ্ঠান অংশ নেবে। বাংলাদেশের ১২টি রপ্তানিখাতের ১৬১টি প্রতিষ্ঠান এ আয়োজনে নিজেদের পণ্য ও সেবা তুলে ধরবে।
ইপিবির প্রধান নির্বাহী কর্মকর্তা বলেন, অংশগ্রহণকারী রপ্তানিখাতগুলোর মধ্যে রয়েছে তৈরি পোশাক ও বস্ত্র, চামড়া ও চামড়াজাত পণ্য, পাটজাত পণ্য ও হস্তশিল্প, কৃষি ও কৃষিজাত পণ্য, প্লাস্টিক ও কিচেনওয়্যার, ফার্নিচার ও হোম ডেকর, ওষুধশিল্প, তথ্যপ্রযুক্তি, কাগজ ও প্যাকেজিং, অটোমোবাইল ও বাইসাইকেল, লাইট ইঞ্জিনিয়ারিং এবং সিরামিকস ও টেবিলওয়্যার।
তিনি বলেন, তিন দিনব্যাপী এ আয়োজনে ২৪০টি স্টলের পাশাপাশি চারটি বিশেষ সেমিনার, ফ্যাক্টরি ভিজিট, ব্যবসায়িক বৈঠক (বিটুবি), নেটওয়ার্কিং ডিনার ও ফ্যাশন শোর আয়োজন থাকছে। এতে বহুজাতিক কোম্পানি, সাপ্লাই চেইন প্রতিনিধি এবং বিভিন্ন দেশের রপ্তানি বাজারের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণকারীরাও অংশ নেবেন।
ইপিবির ভাইস চেয়ারম্যান বলেন, এ এক্সপোর মাধ্যমে দেশের উৎপাদক ও রপ্তানিকারকেরা নতুন আন্তর্জাতিক বাজারের সন্ধান পাবেন। একই সঙ্গে বিদেশি ক্রেতা ও আন্তর্জাতিক ব্র্যান্ডের সঙ্গে ব্যবসায়িক সম্পর্ক গড়ে তোলা, দীর্ঘমেয়াদি চুক্তি এবং নতুন বিনিয়োগের সুযোগ তৈরি হবে।
বাংলাদেশের বৈচিত্র্যময় রপ্তানি পণ্য আন্তর্জাতিক ক্রেতাদের সামনে তুলে ধরতে এ আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পাশাপাশি বিশ্ববাজারে বাংলাদেশকে একটি নির্ভরযোগ্য সোর্সিং হাব হিসেবে প্রতিষ্ঠার পথ আরও সুগম করবে বলেও তিনি জানান।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন ইপিবির মহাপরিচালক মোহাম্মদ শাফাওয়াত উল্লাহ ও মো. রুহুল আমিনসহ অন্যান্য পরিচালকরা।
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051