আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রচারণা কার্যক্রম শুরু করতে আগামী ২২ জানুয়ারি মাঠে নামছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। দলীয় ঐতিহ্য অনুযায়ী, তিনি সিলেট থেকেই তার নির্বাচনী প্রচার যাত্রা শুরু করবেন বলে বিএনপির একাধিক সূত্র নিশ্চিত করেছে।
প্রচার শুরুর প্রথম দিনে তারেক রহমান হযরত শাহজালাল (রহ.) ও হযরত শাহপরাণ (রহ.)–এর মাজার জিয়ারত করবেন। এর মধ্য দিয়েই আনুষ্ঠানিকভাবে তার নির্বাচনী কার্যক্রমের সূচনা হবে।
দীর্ঘ ১৭ বছর যুক্তরাজ্যে অবস্থানের পর গত ২৫ ডিসেম্বর তিনি সপরিবারে দেশে ফিরে আসেন। দেশে ফেরার কয়েক দিনের মধ্যেই, ৩০ ডিসেম্বর, তার মা ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া মৃত্যুবরণ করেন। শোকাবহ এই ঘটনার ১০ দিন পর বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে তারেক রহমানকে আনুষ্ঠানিকভাবে দলের চেয়ারম্যান ঘোষণা করা হয়।
এবারের জাতীয় সংসদ নির্বাচনে তারেক রহমান বগুড়া-৬ ও ঢাকা-১৭ আসন থেকে প্রার্থী হয়েছেন।
নির্বাচনী প্রচার প্রসঙ্গে শনিবার ঢাকার একটি হোটেলে গণমাধ্যমের সম্পাদকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে তিনি বলেন,“সামনে জাতীয় নির্বাচন। আমি একটি রাজনৈতিক দলের সদস্য হিসেবে ২২ জানুয়ারি থেকে আমাদের সব পরিকল্পনা নিয়ে জনগণের কাছে যাব।”
বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে, সিলেট পর্ব শেষে দেশের অন্যান্য গুরুত্বপূর্ণ অঞ্চলেও ধারাবাহিকভাবে নির্বাচনী সভা ও গণসংযোগে অংশ নেবেন তারেক রহমান।
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051