
প্রফিডেন্ড ফান্ডের টাকা উঠানোর জন্য ২০ হাজার টাকা দাবি করেন অডিটর। এর কম দিলে কাজ হবে না। এক পর্যায়ে ১৫ হাজার টাকায় কাজ করার চুক্তিতে রাজি হন খুলনার ডুমুরিয়া উপজেলার হিসাবরক্ষণ অফিসের অডিটর মো. আলমগীর হোসেন।
বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে ঘুষের ১৫ হাজার টাকাসহ তাকে হাতেনাতে আটক করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
দুদকের সমন্বিত খুলনা জেলা কার্যালয়ের উপপরিচালক মো. নাজমুল হাসান গণমাধ্যমকে জানান, ডুমুরিয়ার উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার ডা. রণজিত কুমার নন্দীর প্রফিডেন্ড ফান্ডের টাকা উত্তোলন করার জন্য প্রথমে ২০ হাজার টাকা ঘুষ দাবি করেছিলেন হিসাবরক্ষণ অফিসের অডিটর মো. আলমগীর হোসেন।
একপর্যায়ে তিনি ১৫ হাজার টাকায় রাজি হন। এ ঘটনাটি দুদককে জানান ডা. রণজিত কুমার নন্দী। বৃহস্পতিবার ঘুষের টাকা নেওয়ার সময় মো. আলমগীর হোসেনকে হাতেনাতে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
ভিন্নবার্তা ডটকম/এন