চাঁদপুর প্রতিনিধি: জনপ্রিয় রেডিও উপস্থাপক আরজে কিবরিয়ার ‘আপন ঠিকানা’ অনুষ্ঠানে শিশুকালে হারিয়ে যাওয়া সবুজকে নিয়ে আসেন বেসরকারি এনজিও ‘ফ্যামিলিজ ফর চিলড্রেন’-এর পরিচালক শিখা বিশ্বাস। আর সেখানে তাকে নিয়ে গত মঙ্গলবার (২০ এপ্রিল) প্রচারিত হয় একটি ভিডিও প্রতিবেদন। সেই প্রতিবেদনের পর পরিচয় মেলে সবুজ ও তার স্বজনদের। এভাবেই ১৭ বছর পর মা-বাবার সন্ধান পেলেন সবুজ।
বর্তমানে সবুজ সিরাজগঞ্জ খাজা ইউনুস আলী বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করছেন। লকডাউন শেষে তাকে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া হবে বলে জানিয়েছেন সবুজের মামা রাশেদ আলম।
হারিয়ে যাওয়া সুবজ চাঁদপুরের শাহরাস্তি উপজেলার সুচিপড়া গ্রামের খলিল মেম্বার বাড়ির বাসু মিয়ার ছেলে। ২০০৪ সালে ঢাকায় খালুর বাড়িতে বেড়ানো শেষে চাঁদপুর আসার পথে ডেমরা এলাকা থেকে হারিয়ে যান তিনি। এর পর দীর্ঘদিন খোঁজাখুঁজি করেও তাকে পাননি স্বজনরা।
সবুজের মামা রাশেদ আলম বলেন, সবুজের দেওয়া সব তথ্য আমাদের সঙ্গে মিলে গেছে। তাই কোনো সন্দেহ নেই। বিষয়টি আমার বোন এবং ভগ্নিপতিও নিশ্চিত হয়েছেন। তারা হারিয়ে যাওয়া ছেলের সন্ধান পেয়ে আবেগে আপ্লুত।
পরিবার সূত্রে জানা যায়, ২০০৪ সালে সবুজ তার দাদা লাল মিয়ার সঙ্গে ঢাকায় ফুপু এবং খালুর বাসায় বেড়াতে যায়। খালুর বাসায় কয়েক দিন বেড়ানোর পর বাড়ির উদ্দেশে রওনা দেন দাদা-নাতি। পথে সবুজ খেলনার দোকান দেখে দাদাকে ফুটবল কিনে দিতে বলে। কিন্তু দাদা লাল মিয়া তাকে বাড়ি গিয়ে ফুটবল কিনে দেবেন বললেও সবুজ বায়না ধরে বসে কিনে দিতেই হবে। আর এতে দাদা রাগ করে সবুজকে হাত থেকে ছেড়ে দিয়ে সামনের দিকে এগিয়ে যান। পরক্ষণেই তাকে খুঁজতে গিয়ে আর খুঁজে পাননি লাল মিয়া। এভাবেই প্রচণ্ড ভিড়ের মাঝে দাদা-নাতির বিচ্ছেদ হয়ে যায়।
এদিকে একা হয়ে গিয়ে সবুজ বসে বসে কাঁদতে থাকে। তখন এক মুদি দোকানদার তাকে তার বাসায় নিয়ে যান। পরদিন তিনি ডেমরা থানায় সাধারণ ডায়েরি (জিডি) করে তাকে পুলিশের কাছে দিয়ে আসেন। এদিকে সবুজের পরিবারের সন্ধান না পেয়ে পুলিশ ‘অপরাজেয় বাংলাদেশ’ নামের একটি এনজিওর কাছে সবুজকে হস্তান্তর করে। ওই এনজিওটি কয়েক মাস তাদের কাছে রেখে সবুজের পরিবারের সন্ধান না পেয়ে ২০০৫ সালে আরেকটি বেসরকারি এনজিও ‘ফ্যামিলিজ ফর চিলড্রেন’-এর কাছে হস্তান্তর করে।
ফ্যামিলিজ ফর চিলড্রেনের পরিচালক শিখা বিশ্বাস জানান, সবুজ অনেক মেধাবী ছাত্র। তাই স্থানীয় স্পন্সরের সহযোগিতায় আমরা তাকে লেখাপড়ার সুযোগ করে দিয়েছি। বর্তমানে সে সিরাজগঞ্জ খাজা আলী ইউনিভার্সিটিতে অধ্যয়ন করছে।
ভিন্নবার্তা ডটকম/এসএস
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051