আগামী ১৫ জুলাই থেকে বাজারে আসছে দেশের নতুন বাণিজ্য এবং অর্থনীতি বিষয়ক দৈনিক ‘দ্য বিজনেস পোস্ট’। দৈনিকটিতে বাণিজ্য ও অর্থনীতি বিষয়ক সর্বশেষ খবর গুরুত্বের সঙ্গে পরিবেশন করা হবে।
দ্য বিজনেস স্ট্যান্ডার্ড, নিউ এজ, ঢাকা ট্রিবিউন এবং ইউএনবিসহ বিভিন্ন জাতীয় দৈনিক ও সংবাদমাধ্যম থেকে শতাধিক সংবাদকর্মী ইংরেজি এ সংবাদপত্রে যোগ দিয়ে এতে তারুণ্যের উচ্ছ্বাস ও অভিজ্ঞতার এক দারুণ সম্মিলন ঘটিয়েছেন।
পত্রিকাটির সম্পাদক মোহাম্মদ গোলাম সারওয়ার সংবাদপত্র ব্যবস্থাপনায় ইতিমধ্যে তার দক্ষতার প্রমাণ দিয়েছেন। তার সুযোগ্য নেতৃত্ব ও নির্দেশনায় দেশের শীর্ষস্থানীয় বাংলা দৈনিক আমাদের সময় ইতিমধ্যে পাঠক মহলে প্রশংসনীয় স্থান দখল করেছে।
একজন যোগ্য চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট হিসেবে নানাবিধ ভূমিকার জন্য ব্যবসায়ের অন্যান্য ক্ষেত্রেও ব্যাপকভাবে পরিচিত মোহাম্মদ গোলাম সারওয়ার দ্য বিজনেস পোস্টে তার পূর্বের সাফল্যের পুনরাবৃত্তির লক্ষ্য নিয়েছেন।
অভিজ্ঞ অর্থনীতি বিষয়ক সাংবাদিক ও ইকোনোমিক রিপোর্টার্স ফোরাম (ইআরএফ) এর সাবেক সভাপতি এবং সাধারণ সম্পাদক নাজমুল আহসান নির্বাহী সম্পাদক হিসাবে দ্য বিজনেস পোস্টে যোগদান করেছেন। প্রায় ৩০ বছর ধরে দ্য ফিনান্সিয়াল এক্সপ্রেস, দ্য ডেইলি স্টার, নিউ এজ এবং দ্য ঢাকা ট্রিবিউনের মতো দেশের শীর্ষস্থানীয় সংবাদপত্রগুলোতে তিনি গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন।
সহযোগী সম্পাদক হিসেবে যোগ দিয়েছেন শাহ্নূর ওয়াহিদ। তিনি কয়েক দশক ধরে ডেইলি স্টার সহ দেশের শীর্ষস্থানীয় সংবাদপত্রগুলোতে সম্পাদকীয় বিভাগে কাজ করেছেন।
বার্তা সম্পাদক আজাদ মজুমদার এর আগে নিউ এজের যুগ্ম বার্তা সম্পাদক হিসেবে কর্মরত ছিলেন। তিনি তার বর্ণিল ক্যারিয়ারে প্রথম আলো, রয়টার্স, এএফপি, ওয়াশিংটন পোস্ট এবং স্পেনীয় আন্তর্জাতিক বার্তা সংস্থা ইএফই- এর সাথে কাজ করেছেন।
চিফ রিপোর্টার হিসেবে যোগ দিয়েছেন ইব্রাহীম হুসাইন অভি। তিনি ২৫ জন রিপোর্টারের একটি তরুণ দলের নেতৃত্বে রয়েছেন। অভি ইতিপূর্বে ঢাকা ট্রিবিউন পত্রিকার বিজনেস বিভাগের প্রধান প্রতিবেদক ছিলেন।
বিজনেস পোস্টে পাঠকের জন্য স্টক, করপোরেট, প্রযুক্তি, খেলাধুলা এবং বিনোদনে ঘটে যাওয়া সকল ধরনের সংবাদের পৃথক বিভাগ রয়েছে।
সম্পূর্ণ রঙিন ১৬ পৃষ্ঠার এ দৈনিকটির মূল্য ১০ টাকা। উদ্বোধনী ক্রোড়পত্রে দেশের খ্যাতিমান অর্থনীতিবিদ, ব্যাংকার, আর্থিক বিশ্লেষক, শিক্ষাবিদ এবং কলামিস্টদের প্রবন্ধ থাকবে। ১৫ জুলাই উদ্বোধনী ক্রোড়পত্র ছাড়াও জুলাইয়ের ১৮ এবং ১৯ তারিখে নিয়মিত ইস্যুর সঙ্গে থাকবে পৃথক ক্রোড়পত্র।
ভিন্নবার্তা/এমএসআই
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051