নাটোরের নলডাঙ্গার আলোচিত শাহাদত হোসেন হত্যায় ১৪ বছরের জেল হয় আসামি শাহজাহান আলী ওরফে সোহরাব হোসেন স্বপনের। এ শাস্তি থেকে বাঁচতে ৩০ বছর পলাতক ছিলেন তিনি। অবশেষে র্যাবের হাতে আটক হয়েছেন।
শাহজাহান আলীকে শনিবার ভোরে সিরাজগঞ্জের হাটিকুমরুল এলাকা থেকে গ্রেফতার করেন র্যাব নাটোর ক্যাম্পের সদস্যরা। শনিবার দুপুরে নাটোর র্যাব ক্যাম্পে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান র্যাব-৫ এর উপ-অধিনায়ক মেজর হাসান মাহমুদ।
র্যাব নাটোর ক্যাম্পের কোম্পানি কমান্ডার ফরহাদ হোসেন জানান, ১৯৯২ সালের ১৭ মে জেলার নলডাঙ্গার বারনই নদীতে গোসল করার সময় নারীঘটিত বিষয়ে শাহাদত হোসেনকে ছুরিকাঘাত করে শাহজাহান। পরে তাকে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে। এ ঘটনায় নিহতের ভাই সেকেন্দার আলী বাদী হয়ে পরের দিন নাটোর সদর থানায় একটি হত্যা মামলা করে। এই মামলায় শুনানি ও সাক্ষ্যগ্রহণ করে তিন বছর পর ১৯৯৫ সালের ২৯ মে আদালত অভিযুক্ত শাহজাহান আলীকে যাবজ্জীবন কারাদণ্ড এবং পাঁচ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড প্রদান করেন।
ওই হত্যাকাণ্ডের পর থেকেই আত্মগোপনে চলে যান শাহজাহান আলী। এরপর তিনি পরিচয় গোপন করে দিনাজপুর জেলার ফুলবাড়ী উপজেলার ফুলবাড়ী পৌর শহরের পূর্ব কাটাবাড়ী এলাকায় ‘সোহরাব হোসেন স্বপন’ নামে বসবাস করে আসছিলেন। এছাড়া তার আদি নিবাস রংপুর বলে সবাই জানত। তিনি দিনাজপুরের ফুলবাড়ী এলাকায় বিভিন্ন কাজকর্ম করলেও গত ১০ বছর ধরে গাজীপুরে গার্মেন্টস কারখানায় কাজ করছিলেন।
দিনাজপুরের ফুলবাড়ীতে অবস্থানকালে তিনি তার নিজ নাম শাহজাহানের পরিবর্তে সোহরাব হোসেন স্বপন নামে একটি ভুয়া জাতীয় পরিচয়পত্রও তৈরি করেন। তিনি দিনাজপুর ও ঢাকায় অবস্থান করলেও গোপনে নিজ এলাকায় নিয়মিত যোগাযোগ রাখতেন। পরে একপর্যায়ে শনিবার ভোরে দিনাজপুর থেকে ঢাকায় ফেরার পথে গোপন সংবাদের ভিত্তিতে সিরাজগঞ্জের হাটিকুমরুল এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। পরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051