সড়ক পরিবহন আইন ২০১৮ সংশোধন ও পরিবহন সেক্টরে বিরাজমান সমস্যা নিরসনের দাবিতে আগামী ১২ ও ১৩ অক্টোবর সারা দেশে ৪৮ ঘণ্টার পরিবহন ধর্মঘটের ঘোষণা দিয়েছে বাংলাদেশ ট্রাক-কাভার্ড ভ্যান মালিক-শ্রমিক সমন্বয় পরিষদ।
আজ শনিবার চট্টগ্রাম নগরীর কর্ণফুলী শাহ আমানত সেতু সংলগ্ন রাজবাড়ী কমিউনিটি সেন্টারে বাংলাদেশ ট্রাক-কাভার্ডভ্যান মালিক-শ্রমিক সমন্বয় পরিষদ চট্টগ্রাম আঞ্চলিক কমিটির আয়োজিত সমন্বয় সভায় প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ওসমান আলী এই ঘোষণা দেন।
সভায় ওসমান আলী বলেন, পরিবহন মালিক-শ্রমিকদের স্বার্থের কথা বিবেচনা না করে সরকার সড়ক পরিবহন আইন ২০১৮ বাস্তবায়ন করেছে। ফলে সারাদেশে পরিবহন সেক্টরে নৈরাজ্য চলছে। এ কালাকানুন আইনের কারণে পরিবহন মালিক-শ্রমিকেরা আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছে। আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে এ আইন সংশোধনসহ পরিবহনে নৈরাজ্য ঠেকাতে সংগঠনের পক্ষ থেকে সরকারের কাছে ৯ দফা দাবির পাশাপাশি আগামী ১২ ও ১৩ অক্টোবর সারাদেশে ৪৮ ঘণ্টার ধর্মঘট পালন করা হবে।
তিনি বলেন, শ্রমিকরা ট্রাক-কাভার্ডভ্যান, প্রাইমমুভার, মিনি ট্রাক ও লরী না চালালে চট্টগ্রাম বন্দরসহ দেশের বিভিন্ন বন্দর ও স্থান দিয়ে আমদানী-রপ্তানীকরা সকল ধরনের গার্মেন্টস, খাদ্য ও বিভিন্ন পণ্য পরিবহন বন্ধ হয়ে গেলে সরকার বেকায়দায় পড়বে।
বাংলাদেশ ট্রাক-কাভার্ডভ্যান মালিক-শ্রমিক সমন্বয় পরিষদ চট্টগ্রাম আঞ্চলিক কমিটির আহবায়ক মো. আব্দুল মান্নানের সভাপতিত্বে ও সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন চট্টগ্রাম আঞ্চলিক কমিটির সহ-সাধারণ সম্পাদক মো. আবদুর রহিমের সঞ্চালনায় অনুষ্ঠিত সমন্বয় সভায় প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ ট্রাক-কাভার্ডভ্যান মালিক-শ্রমিক সমন্বয় পরিষদের আহবায়ক হাজী রুস্তম আলী।
ভিন্নবার্তা ডটকম/পিকেএইচ
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051