
নেত্রকোনা প্রতিনিধিঃ যুক্তির চর্চা,মেধার বিকাশ ও আত্মবিশ্বাস বাড়ানোর লক্ষ্যে নেত্রকোনায় জেলার ১০ উপজেলার শিক্ষার্থীদের নিয়ে আয়োজন করা হয়েছে দিনব্যাপী বিতর্ক কর্মশালা। এতে জেলার বিভিন্ন উচ্চ বিদ্যালয়ের নির্বাচিত ১২০ জন শিক্ষার্থী এবং তাদের সঙ্গে ৩০ জন শিক্ষক অংশ নিয়েছেন।
আজ শনিবার (২২ আগস্ট) সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে এই বিতর্ক কর্মশালা অনুষ্ঠিত হয়।
কর্মশালায় শিক্ষার্থীদের বিতর্কের কৌশল,যুক্তি উপস্থাপন,বক্তব্য প্রদানের দক্ষতা সমসাময়িক বিষয়ে বিশ্লেষণ এবং দলগতভাবে যুক্তিনির্ভর চিন্তার বিকাশে গুরুত্ব দেওয়া হয়। এর মাধ্যমে শিক্ষার্থীদের শুধু বিতর্কে দক্ষ করে তোলাই নয়,বরং ভবিষ্যৎ নেতৃত্বের জন্য তাদের মধ্যে যুক্তিবোধ,সহনশীলতা ও আত্মবিশ্বাস গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে।
আয়োজকদের পরিকল্পনা অনুযায়ী,জেলার ১০টি উপজেলা থেকে শিক্ষার্থীদের অংশগ্রহণ নিশ্চিত করা হয়েছে। তাদের সঙ্গে সংশ্লিষ্ট ৩০ জন শিক্ষকও কর্মশালায় অংশ নেন। ফলে জেলার প্রত্যন্ত অঞ্চলের শিক্ষার্থীরাও একই প্ল্যাটফর্মে এসে নিজেদের মেধা ও যুক্তি প্রকাশের সুযোগ পেয়েছে।
কর্মশালায় প্রধান অতিথি ও উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন নেত্রকোনার জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট খন্দকার মুশফিকুর রহমান। তাঁর উপস্থিতিতে শিক্ষার্থীদের মধ্যে বিতর্কচর্চা ও সৃজনশীল চিন্তার প্রসারে কর্মশালাটি বিশেষ গুরুত্ব পাবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন। আতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আই সিটি) মুনমুন জাহান লিজার সঞ্চালনায় বক্তব্য রাখেন,বরিশাল বিশ^বিদ্যালয়ের ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ তানভির কায়সার,যমুনা টেলিভিশনের সিনিয়র নিউজ প্রেজেন্টার দেবাশীষ রঞ্জন সরকার,নেত্রকোনা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের লেকচারার মাহফুজা মাহবুব,আবু আব্বাছ কলেজের উদ্ভিদ বিজ্ঞান বিভাগের সহকারি অধ্যাপক নাজমুল কবির সরকার।
জেলা প্রশাসনের এ উদ্যোগকে শিক্ষার্থীদের মেধা ও মনন বিকাশে একটি সময়োপযোগী পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। বিশেষ করে বিতর্কের মাধ্যমে তরুণ প্রজন্মকে যুক্তিনির্ভর, দায়িত্বশীল ও সচেতন নাগরিক হিসেবে গড়ে তোলার ক্ষেত্রে এমন আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051