হেফাজতে ইসলাম বাংলাদেশের ঢাকা মহানগরীর সহ-সভাপতি মাওলানা জুবায়ের আহমদের ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
আজ শনিবার (১৭ এপ্রিল) দুপুরে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জসিম এ আদেশ দেন।
এর আগে মাওলানা জুবায়েরকে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন করে মতিঝিল থানা পুলিশ। তবে এদিন মাওলানা জুবায়েরের পক্ষে কোনো আইনজীবী ছিলেন না। শুনানি শেষে ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন বিচারক।
সিএমএম আদালতের স্পেশাল পাবলিক প্রসিকিউটরই আজাদ রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
শুক্রবার (১৬ এপ্রিল) বিকেলে লালবাগ এলাকা থেকে মাওলানা জুবায়েরকে গ্রেপ্তার করেন গোয়েন্দা পুলিশ (ডিবি)। মাওলানা জুবায়েরের বিরুদ্ধে ২০১৩ সালের ৫ মে শাপলা চত্বরে তাণ্ডবের ঘটনায় দায়ের করা মামলা ছাড়াও নাশকতার অভিযোগে মামলা রয়েছে বলে জানিয়েছে ডিবি পুলিশ।
ডিএমপির গোয়েন্দা পুলিশের যুগ্ম-কমিশনার মো. মাহবুব আলম বলেন, হেফাজতের নেতা জুবায়েরের বিরুদ্ধে ২০১৩ সালের ৫ মে শাপলা চত্বরে তাণ্ডবের ঘটনায় দায়ের করা মামলা ছাড়াও নাশকতার অভিযোগে মামলা রয়েছে।
মাওলানা জুবায়ের আহমদ হেফাজতে ইসলামের ঢাকা মহানগরীর সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তিনি প্রয়াত সংসদ সদস্য ও ইসলামী ঐক্যজোট নেতা মুফতি আমিনীর জামাতা।
ভিন্নবার্তা ডটকম/এন
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051