সারাদেশে টানা গ্রেপ্তার অভিযানসহ নানামুখী চাপে থাকা হেফাজতে ইসলামের কেন্দ্রীয় কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয় গত মাসে। এর পর পরই বিলুপ্ত কমিটির আমির আল্লামা জুনায়েদ বাবুনগরীকে আহ্বায়ক করে পাঁচ সদস্যের আহ্বায়ক কমিটি করা হয়। এই আহ্বায়ক কমিটির আকার বাড়ানোর উদ্যোগ নিয়েছে সংগঠনটি। পাঁচ থেকে সাতজন নেতা যুক্ত করে কমিটি ১০-১২ সদস্যের করা হবে। বর্ধিত এই কমিটিতে আহমদ শফিপন্থিদের ঠাঁই হচ্ছে কিনা তা এখনো স্পষ্ট নয়।
এদিকে ২০১৩ সালের ৫ মের সমাবেশ কেন্দ্র করে দোকানপাট, সরকারি স্থাপনা, পুলিশ ফাঁড়ি, থানা ও গাড়িতে ভাঙচুর-অগ্নিসংযোগ, নির্বিচারে গাছ কেটে ফেলার ঘটনায় ৮৩ মামলা হয়। এ ছাড়া গত ২৬ মার্চ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সফর কেন্দ্র করে বিক্ষোভ ও হরতালে সংঘর্ষের ঘটনায় ব্রাহ্মণবাড়িয়া ও চট্টগ্রামসহ দেশের বিভিন্ন স্থানে এ পর্যন্ত ১৫৪টি মামলা হয়েছে। এর বাইরে ২০১৬ সালে ব্রাহ্মণবাড়িয়ায় আরও ১২ মামলা হয়। সব মিলিয়ে ২৪৯টি মামলায় অজ্ঞাতনামা প্রায় পৌনে দুই লাখ নেতাকর্মীকে আসামি করা হয়। এসব মামলায় হেফাজতের শীর্ষস্থানীয় ৩০ নেতাসহ সারাদেশে এক হাজার ২৩০ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশের হয়রানি বন্ধে গত ২৫ এপ্রিল হেফাজতের কেন্দ্রীয় কমিটি বিলুপ্ত করে পাঁচ সদস্যের আহ্বায়ক কমিটি করা হয়। এ কমিটির প্রধান উপদেষ্টা হন আল্লামা মুহিবুল্লাহ বাবুনগরী, আহ্বায়ক জুনায়েদ বাবুনগরী ও সদস্য সচিব নুরুল ইসলাম জিহাদী, সদস্য আল্লামা সালাউদ্দিন নানুপুরী ও অধ্যক্ষ মিজানুর রহমান চৌধুরী। পাঁচজনের কেউই কোনো রাজনৈতিক দলের পদে নেই। বর্ধিত কমিটিতে নতুন যুক্ত হতে যাওয়া নেতারাও হবেন সম্পূর্ণ অরাজনৈতিক। কমিটি নিয়ে হেফাজত নেতাদের সঙ্গে সরকারের বিভিন্ন সংস্থা যোগাযোগ রাখছে। তবে কবে নাগাদ এই বর্ধিত কমিটি ঘোষণা হবে তা নিশ্চিত করে বলেনি সংশ্লিষ্ট সূত্র।
এ বিষয়ে জুনায়েদ বাবুনগরীর ঘনিষ্ঠ বিলুপ্ত কমিটির কেন্দ্রীয় সহসাংগঠনিক সম্পাদক মাওলানা মীর ইদ্রিস জানান, বর্তমানে মাদ্রাসা বন্ধ রয়েছে। মাদ্রাসা খোলার পর এ ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে।
ভিন্নবার্তা ডটকম/এন
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051