সীমান্তের ওপারে টানা চার দিন আটকে থাকা আগের এলসির ভারতীয় পেঁয়াজ হিলি স্থল বন্দর দিয়ে আসতে শুরু করলেও ১১ ট্রাক আসার পর ফের বন্ধ হয়ে গেছে।
হিলি স্থল বন্দর আমদানি-রপ্তানি গ্রুপের সভাপতি মো. হারুন অর রশীদ বলেন, “শনিবার বিকেল ৩টা থেকে এই বন্দর দিয়ে ভারতে আটকে পড়া ১১টি পেঁয়াজের ট্রাক বাংলাদেশে এসেছে। এরপর ভারতের রপ্তানিকারকরা আপাতত আর পেঁয়াজ পাঠাবে না বলে আমাদের জানিয়েছে।”
১১ ট্রাকে মোট ২৪৬ মেট্রিকটন পেঁয়াজ এসেছে বলে তিনি জানান।
হারুন অর রশীদ বলেন, “ভারত থেকে হাইব্রিড জাতের পেঁয়াজ আমাদানি করা হয়। ওই পেঁয়াজ মজুদ করা যায় না। ইতোমধ্যে পথেই অর্ধেক পেঁয়াজ নষ্ট হয়ে গেছে। আরও কিছুদিন পথে ট্রাকে থাকলে বাকিটাও পঁচে যাবে। ট্রাক পরে আসলে পচা পেঁয়াজই নিতে হবে আমাদের। লোকসান গুনতে হবে ব্যবসায়ীদের। দেশের ডলারও অপচয় হবে। আমরা সিদ্ধান্ত নিয়েছি আবারও রপ্তানিকারক এবং সংশ্লিষ্ট সবাইকে চিঠি দেওয়ার।”
এলসি করার পর সময়মত পণ্য দেওয়ার নিশ্চয়তা না থাকলে ভবিষ্যতে ব্যবসায়ীরা মুখ ফিরে নেবেন বলে তিনি সতর্ক করেছেন।
এছাড়া শনিবার সাতক্ষীরার ভোমরা স্থল বন্দর দিয়ে কিছু পেঁয়াজ এসেছে।
ভোমরা সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান নাসিম বলেন, শনিবার বেলা সাড়ে ১২টা থেকে ২৫-৩০টি ট্রাক পেঁয়াজ নিয়ে বন্দরে ঢুকেছে। এছাড়া আরও চার শতাধিক ট্রাক ভারতে আটকা পড়ে রয়েছে।
তবে শুধু বিলম্ব রপ্তানি আদেশ (লেইট এক্সপোর্ট অর্ডার) আছে এমন ট্রাকগুলোই দেশে প্রবেশ করতে পারবে বলে জানিয়েছেন ওই ব্যবসায়ী নেতা।
এদিকে বিলম্ব রপ্তানি আদেশ না থাকায় বেনাপোলে বন্দর দিয়ে কোনো পেঁয়াজের ট্রাক বাংলাদেশে ঢুকতে পারেনি।
বেনাপোল সিঅ্যান্ডএফ এজেন্ট স্টাফ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সাজেদুর রহমান বলেন, ভারতের পেট্রাপোল বন্দর এলাকায় আটকা পড়ে থাকা পেঁয়াজ বোঝাই ট্রাকগুলো বিলম্ব রপ্তানি আদেশ না থাকায় বাংলাদেশে আসতে পারেনি।
সোমবার ভারত পেঁয়াজ রপ্তানি নিষিদ্ধ করার ঘোষণা দিলে সীমান্তে বাংলাদেশ অভিমুখী পেঁয়াজের ট্রাক আটকে দেন ভারতীয় ব্যবসায়ীরা। পরে আবার ভারত সরকার আগে খোলা এলসিতে রপ্তানির অনুমতি দেয়।
ভিন্নবার্তা ডটকম/পিকেএইচ
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051