ঢাকার বেইলি রোডে অগ্নিকাণ্ডে নিহত এক নারী সাংবাদিকের পরিচয় জটিলতায় চারদিন ধরে মর্গে পড়ে আছে তার মরদেহ।
গত বৃহস্পতিবার রাতে রাজধানীর বেইলি রোডের অগ্নিকাণ্ডে মারা যান ওই নারী সাংবাদিক। ‘অভিশ্রুতি শাস্ত্রী’ নামে পরিচিত সাংবাদিক কাজ করতেন ‘দ্যা রিপোর্ট ডট লাইভ’ নামের একটি নিউজ পোর্টালে।
গত শুক্রবার তার পিতা মরদেহ গ্রহণ করতে আসার পরই ধোঁয়াশা তৈরি হয়। তখন ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে পুলিশ অভিশ্রুতির নাম বৃষ্টি খাতুন নিশ্চিত হয়ে লাশ হস্তান্তরের উদ্যোগ নেয়।
তবে ওই রাতেই রমনা কালী মন্দিরের কর্তৃপক্ষের আপত্তির কারণে তার মরদেহ আর হস্তান্তর করা হয় নি।
গত বৃহস্পতিবার রাতে আগুনে মারা যাওয়া ওই নারী সাংবাদিকের লাশ এখন রয়েছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে। ডিএনএ পরীক্ষার রিপোর্টের পর ওই লাশ হস্তান্তর করার কথা জানিয়েছে পুলিশ।
গত শনিবার ওই নারী সাংবাদিকের মরদেহ থেকে নমুনা সংগ্রহ করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক বিভাগ। আর রোববার তার পিতা শাবরুল আলম সবুজের নমুনা সংগ্রহ করে পুলিশ।
রমনা থানার ওসি উৎপল দাস বলেন, “ওই নারী সাংবাদিকদের পরিচয় নিয়ে নানামুখী বক্তব্য ও কারো কারো আপত্তির কারণেই লাশ হস্তান্তর করা হয়নি। ডিএনএ টেস্টের রিপোর্ট পাওয়ার পরই হস্তান্তর করা হবে মরদেহ।”
ডিএনএ টেস্টের ফলাফল তৈরি হতে অনেকটা সময় লাগে। এক্ষেত্রে কমপক্ষে ১৫ দিন থেকে এক মাস সময় লাগতে পারে বলে জানিয়েছে পুলিশের এই কর্মকর্তা।
ওই নারী সাংবাদিকের পিতা শাবরুল আলম সবুজ বলেন, “আমি ডিএনএ দিয়েছি, সব তথ্য দিয়েছি। এখন অপেক্ষা করছি লাশটার জন্য।”
ভিন্নবার্তা ডটকম/আরজে/এন
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051