জনগণকে হাসিমুখে সেবা দিতে হবে বলে উপজেলা নির্বাহী কর্মকর্তাদের (ইউএনও) নির্দেশ দিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) রাজধানীর শাহবাগে বাংলাদেশ সিভিল সার্ভিস প্রশাসন একাডেমি আয়োজিত ফিটলিস্টভুক্ত/কর্মরত ইউএনওদের ৩৩তম ওরিয়েন্টেশন কোর্সের সনদ বিতরণী ও সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ নির্দেশ দেন।
জনপ্রশাসন প্রতিমন্ত্রী বলেন, সাধারণ জনগণ অনেক প্রত্যাশা নিয়ে সরকারি অফিসগুলোতে আসে। প্রতিটি সরকারি কর্মচারীর দায়িত্ব হচ্ছে তাদের সঠিকভাবে সেবা দেওয়া। সেবা প্রত্যাশী জনগণ যেন কোনো ধরনের দুর্ব্যবহারের সম্মুখীন না হন সে বিষয়ে সজাগ থাকতে হবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তাদের উদ্দেশে ফরহাদ হোসেন বলেন, এ পদে থেকে জনগণকে আন্তরিকভাবে সেবা করার অনেক সুযোগ রয়েছে। সেই সুযোগকে কাজে লাগাতে হবে। সেবা প্রত্যাশীদের সম্মানের সঙ্গে সেবা দিতে হবে। সততা, ব্যক্তিত্ব, মানুষের প্রতি আন্তরিকতার সঙ্গে জনগণকে সেবা দিলে সেই কার্যক্রম তাকে অনন্য স্থানে নিয়ে যাবে।
জনপ্রশাসন প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা এ কোভিড পরিস্থিতির মধ্যেও সফলতার সঙ্গে এগিয়ে চলেছি। তার দূরদর্শী সিদ্ধান্তের কারণেই বাংলাদেশ এ প্রতিকূল পরিস্থিতির মধ্যেও এশিয়ার মধ্যে সর্বোচ্চ প্রবৃদ্ধির দেশে পরিণত হওয়ার সম্ভাবনা সৃষ্টি করেছে। এ সম্ভাবনাকে বাস্তবে রূপদান করতে হলে প্রতিটি সরকারি কর্মচারীকে নিষ্ঠার সঙ্গে কাজ করতে হবে।
বিসিএস প্রশাসন একাডেমির রেক্টর বদরুন নেছার সভাপতিত্বে মেম্বার ডিরেক্টিং স্টাফ মো. মাহবুব-উল-আলম, কোর্স পরিচালক সালেহ আহমদ মোজাফফর এসময় অনুষ্ঠানে বক্তব্য রাখেন।
ভিন্নবার্তা ডটকম/পিকেএইচ
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051