দেশে আবারও করোনাভাইরাস সংক্রমণ বাড়তে শুরু করায় হাসপাতালগুলোতে বাড়ছে কোভিড রোগীর চাপ। এক মাসের ব্যবধানে দেশের কোভিড-১৯ ডেডিকেটেড হাসপাতালগুলোতে ভর্তি রোগীর সংখ্যা ৪১.৬৯ শতাংশ বেড়েছে। ঢাকা মহানগরীর হাসপাতালগুলোতে বেড়েছে ৫৫.৩০ শতাংশ।
স্বাস্থ্য অধিদফতরের তথ্যানুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনা সংক্রমণ হার আরও এক দফা বেড়েছে। গতকাল সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ২৭ হাজার ৩৯৯ জনের নমুনা পরীক্ষায় ২ হাজার ৪৫৮ জনের দেহে সংক্রমণ ধরা পড়েছে। এক দিনে এর চেয়ে বেশি রোগী শনাক্তের খবর এসেছিল গত ৯ সেপ্টেম্বর। ওই দিন শনাক্ত হয় ২ হাজার ৫৮৮ জন। গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ছিল ৮.৯৭ শতাংশ। সবশেষ এর চেয়ে বেশি শনাক্ত হারের খবর এসেছিল ৪ মাসেরও বেশি সময় আগে, গত ৮ সেপ্টেম্বর। ওই দিন শনাক্তের হার ছিল ৯.০৭ শতাংশ।
গত ২৪ ঘণ্টায় প্রায় আড়াই হাজার রোগী শনাক্ত হলেও সুস্থ হয়ে উঠেছেন মাত্র ২৭৪ জন। শনাক্তের চেয়ে সুস্থতা কমে যাওয়ায় ক্রমেই বাড়ছে সক্রিয় রোগীর সংখ্যা। সুস্থ ও মৃত বাদে গতকাল দেশে সক্রিয় কোভিড রোগী ছিল ১৮ হাজার ৮৯৫ জন। গত ১১ ডিসেম্বর এ সংখ্যা ছিল ৭ হাজার ১১২ জন। এক মাসে সক্রিয় রোগী দ্বিগুণের বেশি বেড়েছে। অধিকাংশ কোভিড রোগী বাড়িতে অবস্থান করে চিকিৎসা নিলেও প্রতিদিন হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যাও বাড়তে শুরু করেছে।
অধিদফতরের তথ্যে দেখা গেছে, গত ১১ ডিসেম্বর সারা দেশের কভিড হাসপাতালগুলোতে মোট ৮১৮ জন রোগী ভর্তি ছিল। গতকাল সেই সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ১৫৯ জনে। এক মাসে বেড়েছে ৩৪১ জন বা ৪১.৬৯ শতাংশ। এদিকে হাসপাতালে চিকিৎসাধীন কোভিড রোগীর প্রায় ৬০ শতাংশই ভর্তি রয়েছে ঢাকা মহানগরীর হাসপাতালগুলোতে। গতকাল ঢাকা মহানগরীর হাসপাতালগুলোতে ভর্তি ছিলেন ৬৭৪ জন কোভিড রোগী এবং সারা দেশের অন্যান্য হাসপাতালে ভর্তি ছিলেন ৪৮৫ জন। গত ১১ ডিসেম্বর ঢাকা মহানগরীর হাসপাতালগুলোতে ভর্তি ছিলেন ৪৩৪ জন কোভিড রোগী। এক মাসে বেড়েছে ২৪০ জন বা ৫৫.৩০ শতাংশ। এক দিনের ব্যবধানে গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি কোভিড রোগীর সংখ্যা বেড়েছে ৫৭ জন। এর মধ্যে ঢাকা মহানগরীতে বেড়েছে ২৩ জন ও দেশের অন্যান্য হাসপাতালে ৩৪ জন। গত ২৪ ঘণ্টায় দেশে দুজন কোভিড রোগীর মৃত্যু হয়েছে। গতকাল পর্যন্ত মোট রোগী শনাক্ত হয়েছে ১৫ লাখ ৯৮ হাজার ৩৮৯ জন। এর মধ্যে সুস্থ হয়ে উঠেছেন ১৫ লাখ ৫১ হাজার ৩৮৭ জন। মারা গেছেন ২৮ হাজার ১০৭ জন। গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার ৭৮ ভাগ হয়েছে ঢাকা বিভাগে। শনাক্ত রোগীর ৮০ ভাগ পাওয়া গেছে এ বিভাগে।
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051