
রাজধানীর যাত্রাবাড়ী হানিফ ফ্লাইওভারের ওপরে সড়ক দুর্ঘটনায় নাজমুল হাসান মামুন (৪০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। বুধবার (২১ এপ্রিল) রাত সাড়ে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম জানান, মামুন যাত্রাবাড়ী পশ্চিম শেখদী এলাকায় থাকতেন। রাতে হানিফ ফ্লাইওভার দিয়ে স্কুটি চালিয়ে যাচ্ছিলেন। ধারণা করা হচ্ছে কোনো যানবাহনের ধাক্কায় তিনি মারা গেছেন। তবে বিস্তারিত জানা যায়নি।
তিনি জানান, মামুন একটি বায়িং হাউসে চাকরি করতেন বলে আমরা প্রাথমিকভাবে জেনেছি। আমরা সিসি ক্যামেরার ভিডিও ফুটেজ দেখার চেষ্টা করছি। মরদেহ পুরান ঢাকার স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজ হাসপাতালে (মিটফোর্ড) পাঠানো হয়েছে।
ভিন্নবার্তা ডটকম/পিকেএইচ