ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির কবর জিয়ারত করেছেন তার মা, বোনসহ পরিবারের অন্যান্য সদস্যরা। বুধবার (১৪ জানুয়ারি) একটি গাড়িযোগে তারা ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় এসে কবর জিয়ারত করেন এবং সেখানে মোনাজাতে অংশ নেন।
কবর জিয়ারতের সময় হাদির পরিবারের সদস্যরা আবেগ সামলাতে না পেরে কান্নায় ভেঙে পড়েন। প্রিয়জন হারানোর শোক ও বেদনায় সেখানে হৃদয়বিদারক পরিবেশের সৃষ্টি হয়।
প্রসঙ্গত, ২০২৫ সালের ১২ ডিসেম্বর দুর্বৃত্তদের গুলিতে গুরুতর আহত হন শরিফ ওসমান হাদি। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে সিঙ্গাপুরে পাঠানো হলেও ১৮ ডিসেম্বর চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।
এ ঘটনায় ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের বাদী হয়ে ১৪ ডিসেম্বর একটি হত্যাচেষ্টা মামলা দায়ের করেন। পরবর্তীতে মামলাটিতে দণ্ডবিধির ৩০২ ধারায় হত্যা অভিযোগ যুক্ত করা হয়। তদন্তের দায়িত্ব থানা পুলিশের পরিবর্তে গোয়েন্দা (ডিবি) পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
গোয়েন্দা পুলিশ চলতি বছরের ৬ জানুয়ারি মামলায় ১৭ জনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করে। অভিযোগপত্রে যাদের নাম রয়েছে তাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন—ফয়সাল করিম মাসুদ ওরফে রাহুল ওরফে দাউদ, তার বাবা মো. হুমায়ুন কবির, মা হাসি বেগম, স্ত্রী সাহেদা পারভীন সামিয়া, শ্যালক ওয়াহিদ আহমেদ শিপু, বান্ধবী মারিয়া আক্তার লিমা, মো. কবির, মো. নুরুজ্জামান নোমানী ওরফে উজ্জ্বলসহ আরও অনেকে। এ ছাড়া ভারতে পালাতে সহায়তার অভিযোগে কয়েকজনের নামও অভিযোগপত্রে অন্তর্ভুক্ত করা হয়েছে। অভিযুক্তদের মধ্যে কয়েকজন এখনো পলাতক রয়েছেন।
এর আগে ২০ ডিসেম্বর লাখো মানুষের অংশগ্রহণে জানাজা শেষে জাতীয় কবির সমাধির পাশে চিরনিদ্রায় শায়িত হন শরিফ ওসমান হাদি।
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051