
বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে ডায়াবেটিস সচেতনতা বাড়াতে রাজধানীর হাতিরঝিলে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘এমলিনো ডায়াবিট রান’। আগামী ১৪ নভেম্বর ৭ দশমিক ৫ কিলোমিটারের এই সচেতনতামূলক ম্যারাথন অনুষ্ঠিত হবে।
আয়োজকরা জানান, স্বাস্থ্যসচেতন যেকোনো ব্যক্তি এ আয়োজনে অংশ নিতে পারবেন। এরই মধ্যে ম্যারাথনের নিবন্ধন কার্যক্রম শুরু হয়েছে।
এ উপলক্ষে দ্য একমি ল্যাবরেটরিজ লিমিটেডের ‘একমি’স ডায়াকেয়ার’ আয়োজিত এক অনুষ্ঠানে প্রতিষ্ঠানের চেয়ারম্যান নাগিনা আফজাল সিনহা, ম্যানেজিং ডিরেক্টর তাসনিম সিনহা, অ্যাডিশনাল ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মো. হাসিবুর রহমান, ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর তানভীর সিনহা, সাবরিনা জুনেদ ও জাহানারা মিজান সিনহা, সেলস অ্যান্ড ডিস্ট্রিবিউশন বিভাগের এক্সিকিউটিভ ডিরেক্টর মো. ফেরদৌস খানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে রানার কমিউনিটির অভিজ্ঞ দৌড়বিদরাও অংশ নেন। তাদের মধ্যে ‘ডায়নামিক রানার্স ইন্টারবিডি’র প্রতিষ্ঠাতা ও অ্যাডমিন এ কে এম আহসান উল্লাহ এবং ‘আল্ট্রা ক্যাম্প রানার্স’-এর প্রতিষ্ঠাতা, অ্যাডমিন ও রেস ডিরেক্টর মো. মাসুম উল্লেখযোগ্য।
একমির ম্যানেজিং ডিরেক্টর তাসনিম সিনহা উদ্যোগটির প্রশংসা করে দৈনন্দিন জীবনে ডায়াবেটিসের প্রভাব এবং নিয়মিত হাঁটা ও শারীরিক সক্রিয়তার গুরুত্ব তুলে ধরেন।
লং ডিসটেন্স রানার ও ‘ডক্টরস রান’-এর প্রতিষ্ঠাতা ও অ্যাডমিন ডা. উজ্জ্বল কুমার মল্লিক বলেন, সঠিক জীবনযাপন ও নিয়মিত শারীরিক চর্চার মাধ্যমে ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখা সম্ভব। এ ধরনের আয়োজন মানুষকে আরও সক্রিয় হতে উৎসাহিত করবে।
২০০ কিলোমিটার ম্যারাথন সম্পন্নকারী রানার মেহেদী হাসান নয়ন বলেন, শরীরকে সচল রাখা দীর্ঘমেয়াদি রোগ প্রতিরোধের অন্যতম উপায়। ডায়াবেটিস সচেতনতায় এ ম্যারাথন ইতিবাচক ভূমিকা রাখবে বলে তিনি আশা প্রকাশ করেন।