হাওড়ের ফসল রক্ষার জন্য বাঁধ রক্ষায় সবাইকে সর্তক থাকার নির্দেশ দিয়েছেন নেত্রকোনার জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ। বৃহস্পতিবার জেলা পানি উন্নয়ন বোর্ডের আওতায় নির্মিত ডুবন্ত বাঁধ নির্মাণ কাজের অগ্রগতি পর্যবেক্ষণকালে তিনি এ নির্দেশনা দেন।
ডিসি বলেন, যেকোনো মূল্যে হাওড়ে উৎপাদিত বোরো ধান কৃষকের গোলায় তুলতে হবে। প্রয়োজনে দিনরাত ফসলরক্ষা বাঁধে পাহারা বসাতে হবে। ফসল রক্ষা বাঁধের কাজ শতভাগ শেষ হলেও নরম মাটির কারণে বাঁধ নিরাপদ নাও হতে পারে। এজন্য প্রতিটি বাঁধে স্থানীয় কৃষক, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য, জনপ্রতিনিধিসহ সকল স্তরের মানুষের খেয়াল রাখতে হবে। কোনো বাঁধে ফাটল ধরলে সাথে সাথে স্থানীয় প্রশাসনকে জানাতে হবে। হাওড়ের ফসল রক্ষা বাঁধ রক্ষায় সবাইকে সর্তক থাকতে হবে।
বৃহস্পতিবার জেলা পানি উন্নয়ন বোর্ডের আওতায় নির্মিত নেত্রকোনার কলমাকান্দা উপজেলার বরখাপন ইউনিয়ন ও মধ্যনগর উপজেলার সদর ইউনিয়নের ডুবন্ত বাঁধ নির্মাণ কাজের অগ্রগতি পর্যবেক্ষণ করতে যান জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ।
হাওড় এলাকার বোরো ফসল রক্ষার্থে ডুবন্ত বাঁধের ভাঙ্গনরোধ, মেরামতকরণ কাজের অগ্রগতি পরিদর্শনকালে জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ নির্ধারিত ডিজাইন ও স্পেসিফিকেশন অনুযায়ী দ্রুত কাজ সম্পন্ন করার দিকনির্দেশনা প্রদান করেন।
জেলা পাউবো সূত্রে জানা গেছে, বাঁধ নির্মাণের জন্য হাতে নেওয়া ২০৬টি প্রকল্পের জন্য ৪৩ কোটি ৮ লাখ টাকা বরাদ্দ চাওয়া হয়। গঠিত প্রকল্পগুলোর মধ্যে খালিয়াজুরিতে ১১৫টি প্রকল্পে ব্যয় ধরা হয় ২৫ কোটি ২৩ লাখ, মদনে ২৪টির জন্য ২ কোটি ৫ লাখ, মোহনগঞ্জে ২৫টির জন্য ৫ কোটি ১২ লাখ, কলমাকান্দায় ২৬টির জন্য ৫ কোটি টাকা ধরা হয়। এছাড়া বারহাট্টায় ১০টি, পূর্বধলায় ৪টি ও আটপাড়ায় ২টি প্রকল্পের জন্য বাকি টাকা নির্ধারণ করা হয়।
প্রকল্পগুলো বাস্তবায়ন নিশ্চিত করার দায়িত্ব পাউবো ও স্থানীয় প্রশাসনের। মোহনগঞ্জ, খালিয়াজুরি ও মদন উপজেলার হাওড়াঞ্চলে প্রায় ৪১ হাজার হেক্টর জমিতে বোরোর আবাদ করা হয়েছে। এসব জমিতে প্রায় আটশ কোটির টাকার ধান উৎপাদিত হওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে স্থানীয় কৃষি বিভাগ।
এ সময় জেলা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. সারওয়ার জাহান, কলমাকান্দা উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালেক তালুকদার, কলমাকান্দা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. শহীদুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।
ভিন্নবার্তা/এমএসআই
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051