
রাজশাহীর তানোর পৌর এলাকার ঐতিহ্যবাহী তালন্দ ললিত মোহন ডিগ্রি কলেজে হাইকোর্টের রিট উপেক্ষা করে তৃতীয় ও চতুর্থ শ্রেণির পদে কর্মচারী নিয়োগ পরীক্ষা নেওয়ার জন্য প্রার্থীদের প্রবেশপত্র নেওয়া হয়েছে।
গত বুধবার থেকে কলেজের অধ্যক্ষ বিষ্ণুপদ সরকার পিয়নের মাধ্যমে প্রার্থীদের এসব প্রবেশপত্র দেন।
অধ্যক্ষের এমন অনিয়ম-দুর্নীতির নিয়োগ বোর্ড স্থগিত চেয়ে তানোর পৌরসভার সাবেক কাউন্সিলর পিয়ারুল হক বাদী হয়ে বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসক (ডিসি) বরাবর লিখিত অভিযোগ করেন। এর অনুলিপি মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের পরিচালক, জেলা শিক্ষা অফিসার, উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার বরাবর দাখিল করা হয়।
অভিযোগে জানা গেছে, রাজশাহীর তানোর পৌর এলাকায় অবস্থিত তালন্দ ললিত মোহন ডিগ্রি কলেজ কমিটির সভাপতির দ্বারা প্রভাবিত হয়ে ওই দুই পদে নিয়োগ বিজ্ঞপ্তি জারি করেন অধ্যক্ষ। ওই বিজ্ঞপ্তি প্রকাশের পরে ওপর মহলের হস্তক্ষেপে গত ৮ এপ্রিল নিয়োগ বোর্ড স্থগিত করা হয়। কিন্তু অনিয়ম করে গোপনে কলেজের পকেট কমিটি গঠন করেন অধ্যক্ষ।
এতে স্থানীয় সাবেক কাউন্সিলর পিয়ারুল হকের পক্ষে কমিটির বৈধতা চালেঞ্জ করে গত ৩ আগস্ট অ্যাডভোকেট মোহাম্মদ আবদুল গোফরান দুলাল বাদী হয়ে হাইকোর্টে রিট পিটিশন দাখিল করেন। পরে গত ৭ আগস্ট শুনানি শেষে বিচারপতি মো. মজিবর রহমান মিয়া ও কাজী মো. এজারুল আকন্দর দ্বৈত বেঞ্চ ৬০ দিনের মধ্যে কলেজ কমিটিকে জবাব দাখিলের নির্দেশ দেন। হাইকোর্টের এমন নির্দেশনাকে অমান্য করে গোপনে কলেজ অধ্যক্ষ বর্তমান সভাপতি দ্বারা প্রভাবিত হয়ে ওই দুই পদে নিয়োগ দিতে মরিয়া হয়ে উঠেছেন।
এ ব্যাপারে রিট দাখিলকারী সাবেক কাউন্সিলর পিয়ারুল হক বলেন, আদালতে চলমান মামলা নিষ্পত্তি ছাড়া কোনো অবস্থায় নির্বাচনি পরীক্ষায় অংশগ্রহণে প্রজ্ঞাপন জারি করতে পারেন না অধ্যক্ষ। এটি আদালত অমান্য করার শামিল।
এ ব্যাপারে অধ্যক্ষ বিষ্ণুপদ সরকার বলেন, হাইকোর্টে খোঁজখবর নিয়ে নিয়োগ পরিক্ষার প্রজ্ঞাপন আবারও জারি করা হয়েছে। আগামী ১০ সেপ্টেম্বর প্রার্থীদের নির্বাচনি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
ভিন্নবার্তা ডটকম/আর