গুলিাস্তানের সুন্দরবন স্কয়ার সুপার মার্কেট নকশাবহির্ভূত দোকান উচ্ছেদে অভিযান পরিচালনা করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। বৃহস্পতিবার দুপুর ১২টায় অভিযান শুরু হয়। ডিএসসিসির প্রধান সম্পত্তি কর্মকর্তা রাসেল সাবরিনের নেতৃত্বে নির্বাহী ম্যাজিস্ট্রেট মনিরুজ্জামান এবং ইরফান আহমেদ এ অভিযান পরিচালনা করা হয়। অন্যদিকে, উচ্ছেদ অভিযান শুরুর পরপরই স্থিতাবস্থা জারি করেছেন হাইকোর্ট।ফলে হাইকোর্টের আদেশে সুন্দরবন স্কয়ার সুপার মার্কেটের উচ্ছেদ অভিযান বন্ধ করে দিয়েছে ডিএসসিসি।
এসময় ডিএসসিসির কর্মকর্তারা বলছেন, বিপণিবিতানের গাড়ি পার্কিংয়ের জায়গা, শৌচাগার, লিফট থেকে শুরু করে খোলা জায়গায় যত্রতত্র দোকানপাট গড়ে তোলা হয়েছে। বিপণিবিতানের চারতলা পর্যন্ত বৈধ হলেও অনুমতি ছাড়াই পাঁচতলায় অবকাঠামো নির্মাণ করে ব্যবসা পরিচালনা করা হচ্ছে। অবৈধ এসব দোকান ভাঙতেই তারা অভিযান চালাচ্ছে।
ডিএসসিসির প্রধান সম্পত্তি কর্মকর্তা রাসেল সাবরিন বলেছেন, এই বিপণিবিতানে ছয় শতাধিক নকশাবহির্ভূত দোকান রয়েছে।
তবে সংস্থাটির সার্ভেয়াররা বলেছেন, এই বিপণিবিতানে ৭৫০টি নকশাবহির্ভূত দোকান রয়েছে। সরেজমিনে দেখা যায়, তিনটি এক্সকাভেটর দিয়ে বিপণিবিতানের অবৈধ স্থাপনাগুলো ভেঙ্গে দেয়া হয়েছে।
এখানের ব্যবসায়ীরা বলছেন, দোকান বৈধ করার আশ্বাস দিয়ে সাবেক মেয়রের সাঈদ খোকনের নাম ভাঙিয়ে যুবলীগ নেতা শাহাবুদ্দিন আওয়ামী লীগ নেতা মনোয়ার হোসেন ও ২০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ফরিদ উদ্দিন রতন দোকানিদের কাছ থেকে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছেন। নতুন মেয়র শেখ ফজলে নূর তাপসের নাম ভাঙিয়ে কাউন্সিলর ফরিদ উদ্দিন সম্প্রতি দোকানির কাছ থেকে টাকা নিয়েছেন। যাঁরা মেয়রের নাম ভাঙিয়ে ব্যবসায়ীদের সর্বস্বান্ত করেছেন, তাঁদের বিচারের আওতায় আনার দাবি জানান দোকানিরা।
এদিকে, গুলিস্তানের সুন্দরবন স্কয়ার সুপার মার্কেটের নকশাবহির্ভূত দোকান উচ্ছেদে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) অভিযানে স্থিতাবস্থা জারি করেছেন হাইকোর্ট। ওই মার্কেটের ৩৪টি দোকান মালিকের করা আবেদনের শুনানি নিয়ে গতকাল বৃহস্পতিবার হাইকোর্টের বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি মহি উদ্দিন শামীমের সমন্বয়ে গঠিত ভার্চুয়াল বেঞ্চ এ আদেশ দেন।
আদালতে রিট আবেদনের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার বদরুদ্দোজা বাদল। তার সঙ্গে ছিলেন আইনজীবী ওমর ফারুক ও সাদিক সাদমান। অন্যদিকে রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল নওরোজ মো. রাসেল চৌধুরী। বদরুদ্দোজা বাদল বলেন, আমাদের আবেদনকারীদের ৩৪টি দোকান ডান পাশে। আমরা বলেছি, কোনো কারণ না দেখিয়ে উচ্ছেদ করা হচ্ছে। আদালত শুনানি নিয়ে গুলিস্তানের সুন্দরবন স্কয়ার মার্কেটে ডান পাশের ৩৪ দোকান মালিকের দোকান উচ্ছেদে স্থিতাবস্থা দিয়ে রুল জারি করেছেন।
ভিন্নবার্তা/এমএসআই
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051