আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয়ে ঢাকা মহানগর স্বেচ্ছাসেবক দল নেতা আজিজুর রহমান মুসাব্বিরকে তুলে নেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। অবিলম্বে মুসাব্বিরকে জনসমক্ষে হাজির করার জোর দাবি জানিয়েছেন তিনি।
রোববার (১৪ নভেম্বর) বিএনপির সহ-দফতর সম্পাদক সাইফুল ইসলাম টিপু সাক্ষরিত গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে মির্জা ফখরুল এ দাবি জানান।
বিএনপি মহাসচিব বলেন, জনগণের ঘাড়ে জোর করে চেপে বসা বর্তমান শাসকগোষ্ঠী সারাদেশে বিএনপিসহ বিরোধী দলীয় নেতাকর্মীদের বিরুদ্ধে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মামলা দায়ের করছে। এরপর গ্রেফতার করে কারাগারে রাখার পাশাপাশি গুম করার সংস্কৃতি চালু হয়েছে। এসবের মূল লক্ষ্যই হচ্ছে দেশের জনগণকে এক ভয়ানক কর্তৃত্ববাদী শাসনের শৃঙ্খলে আবদ্ধ করা।
তিনি বলেন, দেশে এক শ্বাসরুদ্ধকর অবস্থা বিরাজ করছে। আইনশৃঙ্খলা বাহিনী জনগণের সঙ্গে হিটলারের গেস্টাপো বাহিনীর মতো আচরণ করছে। আদিম হিংস্রতায় দেশ থেকে গণতন্ত্র ও বাকস্বাধীনতাসহ নাগরিক স্বাধীনতাকে উচ্ছেদ করা হয়েছে। দেশের জনগণ এখন ভয় ও শঙ্কার মধ্যে বসবাস করছে। দাম্ভিকতা ও মিথ্যার বেসাতি করে দেশব্যাপী এক মরণঘাতি কর্মসূচি বাস্তবায়ন করছে তারা।
মির্জা ফখরুল বলেন, তরুণ নেতৃত্বকে ধ্বংস করার জন্যই জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল-ঢাকা মহানগর উত্তর শাখার সিনিয়র যুগ্ম সম্পাদক আজিজুর রহমান মুসাব্বিরকে ডিবি পরিচয়ে তুলে নিয়ে যাওয়া হয়েছে। এরপর তাকে গ্রেফতারের বিষয়টি অস্বীকার করা হচ্ছে। সাদা পোশাকধারী আইনশৃঙ্খলা বাহিনী কর্তৃক আজিজুর রহমান মুসাব্বিরকে তুলে নিয়ে যাওয়া এবং তার কোনো খোঁজ না দেওয়ার ঘটনা বর্তমান সরকারের চলমান নিশ্চিহ্নকরণ প্রক্রিয়ারই বহিপ্রকাশ। আজিজুর রহমান মুসাব্বিরকে আইনশৃঙ্খলা বাহিনীই আটক করে নিয়ে গেছে বলে দাবি করেন তিনি।
বিএনপি মহাসচিব বলেন, মুসাব্বিরকে তুলে নিয়ে যাওয়ার ঘটনায় তার পরিবারসহ বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি গভীরভাবে উদ্বিগ্ন। আমি অবিলম্বে আজিজুর রহমান মুসাব্বিরকে জনসমক্ষে হাজির করার জোর দাবি জানাচ্ছি।
ভিন্নবার্তা ডটকম/এন
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051