স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক (ডিজি) ডা. আবুল বাশার মোহাম্মদ খুরশীদ আলমকে নিয়ে সংসদীয় কমিটি ক্ষোভ প্রকাশ করেছে। কমিটির বৈঠকে তাকে ডাকা হলেও উপস্থিত না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছে কমিটি। এছাড়া তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার জন্য মন্ত্রণালয়ে সুপারিশ করা হয়।
আজ রোববার (২০ জুন) সংসদ ভবনে অনুষ্ঠিত স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠকে এ ক্ষোভ প্রকাশ করা হয়। কমিটির সভাপতি শেখ ফজলুল করিম সেলিমের সভাপতিত্বে বৈঠকে কমিটির সদস্য স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক, আ ফ ম রুহুল হক, মো. আব্দুল আজিজ, সৈয়দা জাকিয়া নুর, রাহগির আলমাহি এরশাদ (সাদ এরশাদ) এবং মো. আমিরুল আলম মিলন অংশ নেন।
জানা যায়, বৈঠকে কোভিড-১৯ মহামারি শুরুর পর এখন পর্যন্ত কত টাকার মাস্ক ও কিট কেনা হয়েছে, ভ্যাকসিন সংকট মোকাবিলায় কী কী পদক্ষেপ নেয়া হয়েছে, ভ্যাকসিন জি-টু-জি নাকি এজেন্টের মাধ্যমে আনা হচ্ছে, কোভিড-১৯ মোকাবিলায় আইসিউ ও অক্সিজেনের বর্তমান অবস্থা এবং সম্ভাব্য সংকট থেকে উত্তরণ নিয়ে আলোচনা করা হয়। তবে এ সংক্রান্ত একটি প্রতিবেদন উপস্থাপন করলেও ডিজি বৈঠকে উপস্থিত ছিলেন না।
কমিটির সভাপতি ও সাবেক স্বাস্থ্যমন্ত্রী শেখ ফজলুল করিম সেলিম এ নিয়ে ক্ষোভ প্রকাশ করে ডিজির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য মন্ত্রণালয়কে পরামর্শ দিয়েছেন। যদি ব্যবস্থা নেওয়া না হয়, তাহলে বিষয়টি সংসদ অধিবেশনে উত্থাপন করা হতে পারে বলে জানা গেছে বৈঠক সূত্রে। কমিটির সদস্য আবদুল আজিজ গণমাধ্যমকে বলেন, স্বাস্থ্যের ডিজি বৈঠকে উপস্থিত না হওয়ায় ক্ষোভ প্রকাশ করা হয়েছে।
সংসদীয় কমিটির এক সদস্য নাম প্রকাশ না করার শর্তে বলেন, আজকে অনেক বিষয় নিয়ে আলোচনা ছিল। কিন্তু ডিজি বৈঠকে আসেননি। কমিটির সভাপতি এ নিয়ে ডিজির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য মন্ত্রণালয়কে পরামর্শ দিয়েছেন।
ভিন্নবার্তা/এমএসআই
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051