রংপুরের তারাগঞ্জে স্বামীর কর্মস্থল থেকে হাফিজা বেগম নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (০৯ জুন) দুপুরে উপজেলার বুড়িরহাট বাজারের দামোদরপুর ব্র্যাকের অফিস থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত গৃহবধূর স্বামী নুর আলম ব্র্যাকের ওই শাখায় প্রজেক্ট অফিসার (পিও) পদে কর্মরত। তিনি তার স্বামীকে খুঁজতে গিয়ে আত্মহত্যা করেছেন বলে ধারণা করা হচ্ছে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, ২০১০ সালে দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার বড় পরমেশ্বরপুর গ্রামের মৃত হাফিজার উদ্দিনের ছেলে নূর আলমের সঙ্গে চিরিরবন্দর উপজেলার দৌলতপুর গ্রামের তৈয়ব আলীর মেয়ে হাফিজা বেগমের বিয়ে হয়। বিয়ের চার বছরের মাথায় একটি ছেলে সন্তান জন্ম দেন হাফিজা। কিন্তু ছয় বছর বয়সে তাদের সন্তান মারা যায়। এরপর থেকে তাদের সংসারে অশান্তি নেমে আসে। প্রায়ই তাদের মধ্যে ঝগড়া বিবাদ লেগে থাকতো।
নুর আলম ও তার স্ত্রী হাফিজা ছয় মাস থেকে তারাগঞ্জের কুর্শা ইউনিয়নের বসপাড়া গ্রামের জবুর আলীর বাসায় ভাড়া রয়েছেন। প্রায় তাদের মধ্যে ঝগড়া বিবাদ লাগত। গত শুক্রবার স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হলে হাফিজা অভিমান করে তার বাবার বাড়িতে চলে যায়। পরে গতকাল মঙ্গলবার রাতে ভাড়া বাসায় ফিরে আসেন। আজ বুধবার সকালে স্বামীর খোঁজে ব্র্যাকের দামোদরপুর শাখায় যান হাফিজা। স্বামীকে অফিসে না পেয়ে সেখানকার অতিথিশালায় ঢুকে গলায় ওড়না পেঁচিয়ে ফ্যানের সঙ্গে ঝুলে আত্মহত্যা করেন।
এ বিষয়ে নুর আলম সাংবাদিকদের বলেন, ঘটনার সময় আমি অফিসে উপস্থিত ছিলাম না। কখন কিভাবে অফিসে এসে হাফিজা আত্মহত্যা করেছে, তা আমার জানা নেই। অফিস স্টাফরাই ভালো বলতে পারবেন।
নিহতের বাবা তৈয়ব আলী বলেন, বিয়ের পর থেকে নানাভাবে আমার মেয়ে হাফিজাকে নুর আলম নির্যাতন করে আসছে। একটি ছেলে সন্তান জন্মের ৬ বছর পরে মারা যান। সেই সময় থেকে আরও বেশি নির্যাতন শুরু করেন নুর আলম। আমার মেয়ের মৃত্যুর সুষ্ঠু তদন্ত সাপেক্ষে সঠিক বিচার দাবি করছি।
ব্র্যাকের দামোদরপুর শাখা ব্যবস্থাপক রফিকুল ইসলাম বলেন, সকালে হাফিজা অফিসে এসে আমার সঙ্গে স্বাভাবিকভাবে তাদের পারিবারিক বিভিন্ন বিষয়ে কথা বলেন। এরপর অফিসের গেস্ট রুমে ঢুকে কখন গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে, তা আমরা কেউ জানিনা। গেস্ট রুমের দরজা বন্ধ দেখে পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ এসে ঝুলন্ত অবস্থায় মরদেহ উদ্ধার করে।
বিষয়টি নিয়ে তারাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক আহম্মদ বলেন, খবর পেয়ে ওই গৃহবধূর মরদেহ উদ্ধার করে সুরতহাল করা হয়। পরে ময়নাতদন্তের জন্য রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।
ভিন্নবার্তা/এমএসআই
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051