জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা জি এম কাদের বলেছেন, ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদই সর্বস্তরে বাংলাভাষা প্রচলনের আইন করেছিলেন। অনেক ক্ষেত্রেই তা বাস্তবায়ন হলেও উচ্চ আদালতে এখনো পুরোপুরি বাংলা প্রচলন হয়নি।
আজ রোববার দুপুরে রাজধানীর বনানীতে জাতীয় পার্টির চেয়ারম্যানের কার্যালয়ে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে সভাপতির বক্তৃতায় জি এম কাদের এ কথা বলেন।
জাতীয় পার্টির চেয়ারম্যান বলেন, ‘একুশের ধারাবাহিকতায় মুক্তির জন্য স্বাধীনতা সংগ্রাম হয়েছিল। মুক্তিযুদ্ধে আমরা স্বাধীনতা পেয়েছি। কিন্তু এখনো আমরা মুক্তি পাইনি। পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদ ক্ষমতা হস্তান্তরের পর থেকে দেশে সংসদীয় গণতন্ত্রের নামে সংসদীয় একনায়কতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছে। এতে একদিকে বৈষম্য বেড়েছে, অপরদিকে জবাবদিহিতা নেই কোথাও।
স্বাধীনতার আগে পশ্চিম পাকিস্তানিদের সঙ্গে আমাদের বৈষম্য ছিল। কিন্তু ১৯৯০ সালের পর থেকে দেশের মানুষের সঙ্গে বৈষম্য হচ্ছে। দেশের মানুষকে বঞ্চিত করে দলীয়করণ চলছে। উপজেলা পর্যায়ের নেতারাও হাজার কোটি টাকা বিদেশে পাচার করছে। যারা রাষ্ট্র ক্ষমতায় থাকে তারাই চাকরি ও ব্যবসার সুযোগ পাচ্ছে। কিন্তু দেশের সাধারণ মানুষ সব অধিকার থেকে বঞ্চিত হচ্ছে।’
এ সময় জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের বলেন, সংসদীয় গণতন্ত্রের নামে সংবিধানে ৭০ ধারা সংযোজনের কারণে সরকার প্রধানের অধীনে দেশের নির্বাহী বিভাগ, আইন বিভাগ ও নিম্ন আদালত। আবার উচ্চ আদালতের নিয়োগ থেকে অনেক কিছুই সরকারপ্রধানের প্রভাব থাকে, যাতে কোনোমতেই গণতান্ত্রিক চর্চা সম্ভব নয়। তাই ১৯৯০ সালের পর থেকেই দেশে গণতান্ত্রিক চর্চা নেই।
এ সময় জাতীয় পার্টির মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু বলেন, সৈয়দপুর পৌর নির্বাচনে অন্যায়ভাবে আধিপত্য বিস্তার এবং নির্বাচনকে কলুষিত করতেই শনিবার রাত ১১টায় আওয়ামী লীগের নেতা-কর্মীরা জাতীয় পার্টির নেতা-কর্মীদের ওপর হামলা করেছে।
বাবলু বলেন, আওয়ামী সন্ত্রাসীদের অবৈধ কর্মকাণ্ড প্রতিহত করতে জাতীয় পার্টির নেতা-কর্মীরা প্রস্তুত আছে। কোনোভাবেই আওয়ামী সন্ত্রাসীদের ছাড় দেওয়া হবে না। সৈয়দপুরে আওয়ামী সন্ত্রাসীদের প্রতিহত করতে ব্যর্থ হলে স্থানীয় প্রশাসনের বিরুদ্ধে গণআন্দোলন শুরু করবে জাতীয় পার্টি।
মাতৃভাষা দিবসের আলোচনা সভায় বক্তব্য দেন জাতীয় পার্টির কো-চেয়ারম্যান এ বি এম রুহুল আমিন হাওলাদার, কাজী ফিরোজ রশীদ, প্রেসিডিয়াম সদস্য ও অতিরিক্ত মহাসচিব অ্যাডভোকেট শেখ মুহাম্মদ সিরাজুল ইসলাম, প্রেসিডিয়াম সদস্য ও জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ মো. মসিউর রহমান রাঙ্গা এমপি, প্রেসিডিয়াম সদস্য এস এম ফয়সল চিশতী, মীর আব্দুস সবুর আসুদ, চেয়ারম্যানের উপদেষ্টা মাহমুদুর রহমান মাহমুদ, হেনা খান পন্নি, ভাইস চেয়ারম্যান ও জাতীয় যুব সংহতির আহ্বায়ক এইচ এম শাহরিয়ার আসিফ, যুগ্ম মহাসচিব গোলাম মোহাম্মদ রাজু, ইকবাল হোসেন তাপস ও জাতীয় মুক্তিযোদ্ধা পার্টির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা ইসহাক ভূঁইয়া।
ভিন্নবার্তা ডটকম/এন
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051