স্বাধীনতার সুবর্ণজয়ন্তী বর্ণাঢ্য ও যথাযোগ্য মর্যাদায় উদযাপনের জন্য একটি মন্ত্রিসভা কমিটির সদস্য সচিব হয়েছেন বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব তপন কান্তি ঘোষ।
‘স্বাধীনতার সুবর্ণজয়ন্তী বর্ণাঢ্য ও যথাযোগ্য মর্যাদার সাথে উদযাপনের নিমিত্ত মন্ত্রিসভা কমিটি’ পুনর্গঠন করে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
এর আগে গত বছরের ১৪ ডিসেম্বর মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হককে আহ্বায়ক করে এই মন্ত্রিসভা কমিটি গঠন করা হয়।
পুনর্গঠিত কমিটিতে আগের মতো সদস্য হিসেবে রয়েছেন- স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, তথ্যমন্ত্রী হাছান মাহমুদ, স্থানীয় সরকারমন্ত্রী মো. তাজুল ইসলাম, শিক্ষামন্ত্রী দীপু মনি, পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন এবং সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ।
কমিটিকে সহায়তা দানকারী কর্মকর্তা হিসেবে রয়েছেন- প্রধানমন্ত্রীর মুখ্য সচিব, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন জাতীয় বাস্তবায়ন কমিটির প্রধান সমন্বয়ক কামাল আবদুল নাসের চৌধুরী, সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার, জননিরাপত্তা সচিব, স্থানীয় সরকার সচিব, অর্থ সচিব, পররাষ্ট্র সচিব, জনপ্রশাসন সচিব, যুব ও ক্রীড়া সচিব, মুক্তিযুদ্ধ বিষয়ক সচিব, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা সচিব, প্রাথমিক ও গণশিক্ষা সচিব, সংস্কৃতি বিষয়ক সচিব এবং তথ্য সচিব। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় কমিটিকে সার্বিক সহায়তা দেবে।
কমিটি স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপনের কর্মসূচি প্রণয়নে প্রধানমন্ত্রীর দিকনির্দেশনা গ্রহণ করবেন। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের প্রস্তুত করা জাতীয় কর্মসূচি পর্যালোচনা, সংযোজন ও বিয়োজন করবেন। কর্মসূচি বাস্তবায়নে মাঠপর্যায়ে উদ্ভূত সমস্যা চিহ্নিতকরণ ও সমাধানের নির্দেশনা দেবে কমিটি।
এছাড়া এই মন্ত্রিসভা কমিটি কর্মসূচি বাস্তবায়নের প্রয়োজনীয় অর্থ বরাদ্দ বিষয়ে সুপারিশ দেবেন এবং এ বিষয়ের সঙ্গে সম্পৃক্ত অন্য যে কোনো প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ করবেন বলে আদেশে উল্লেখ করা হয়েছে।
আদেশে আরও বলা হয়, কমিটি প্রয়োজনে যে কোনো ব্যক্তিকে সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করতে পারবে। কমিটির সভা প্রয়োজনানুসারে অনুষ্ঠিত হবে।
ভিন্নবার্তা ডটকম/এন
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051