ফেনীর সোনাগাজীতে স্বর্ণের দোকানের তালা ভেঙে স্বর্ণালংকার ও নগদ টাকা চুরি করেছে দুর্বৃত্তরা। সোমবার রাতের কোনো এক সময় পৌর শহরের প্রধান সড়কে তাহের জুয়েলার্সে এ ঘটনা ঘটে।
পৌর শহরে রাতে দায়িত্বে নিয়োজিত থাকা সোনাগাজী মডেল থানার এসআই কামাল উদ্দিন, কনস্টেবল রূপন বড়ুয়া ও এমরান হোসেনকে পুলিশ লাইনে প্রত্যাহার করে নেওয়া হয়েছে।
দোকান মালিকের দাবি, দুর্বৃত্তরা দোকান থেকে লকার ভেঙে ৩০ ভরি স্বর্ণালংকার ও নগদ ৬০ হাজার টাকা চুরি করে নিয়ে গেছে। এ ঘটনার পর মঙ্গলবার দিনভর ডিবি, সিআইডি, পিবিআইসহ পুলিশের একাধিক দল ঘটনাস্থল পরিদর্শন করেছে।
দোকান মালিক আবু ইউছুপ রুবেল বলেন, সোমবার রাতে তিনি দোকানের স্বর্ণালংকারগুলো লকারের ভেতরে রেখে তালাবন্ধ করে বাড়িতে যান। মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে তিনি দোকান খুলে দেখেন, পেছনের দরজা ও লকারের তালা খোলা। এছাড়া দোকানের ভেতরে ঢুকে দেখেন সবকিছু এলোমেলো অবস্থায় পড়ে আছে। তাৎক্ষণিকভাবে তিনি বিষয়টি থানা পুলিশ ও উপজেলা জুয়েলার্স অ্যাসোসিয়েশনের নেতাদের জানান।
সোনাগাজী মডেল থানার থানার ওসি মুহাম্মদ খালেদ হোসেন দাইয়্যান বলেন, খবর পেয়ে পুলিশ নিয়ে তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ওই দোকানে লুটের ঘটনার মূল রহস্য উদ্ঘাটন ও জড়িত ব্যক্তিদের গ্রেফতার করতে পুলিশের একাধিক দল মাঠে কাজ করছে। বাজার ও আশপাশের এলাকার সিসিটিভির ফুটেজ সংগ্রহ করা হচ্ছে। বাজারের নিরাপত্তায় নিয়োজিত নৈশপ্রহরীদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এত কঠোর নিরাপত্তা ব্যবস্থা থাকার পরেও সোনার দোকানে চুরির ঘটনা দুঃখজনক।
উল্লেখ্য, এর আগে গত ৩০ অক্টোবর উপজেলার চরচান্দিয়া ইউনিয়নের জমাদার বাজারে অর্জুন জুয়েলার্সের মালিক অর্জুন চন্দ্র ভাঁদুরীকে (৫২) কুপিয়ে প্রায় ৬০ লাখ টাকার স্বর্ণালংকার লুট করে নিয়ে যায় মুখোশধারী সশস্ত্র ডাকাতের দল। এ সময় ডাকাতদের ছোড়া বোমার আঘাতে শহীদুল ইসলামসহ কয়েকজন পথচারী আহত হন। দীর্ঘ ১১ দিন পর চিকিৎসাধীন অবস্থায় অর্জুন ভাঁদুরী মারা যান। ঘটনার দেড় মাস পেরিয়ে গেলেও ঘটনা রহস্য উদ্ঘাটন করতে পারেনি পুলিশ।
উপজেলা জুয়েলার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক নাছির উদ্দিন বলেন, এক ঘটনার রেশ না কাটতেই আরেকটি ঘটনা ঘটায় সোনা ব্যবসায়ীরা খুবই উদ্বিগ্ন। তিনি দ্রুত এ ঘটনায় জড়িত ব্যক্তিদের গ্রেফতার করে আইনের আওতায় আনার জন্য আইনশৃঙ্খলা বাহিনীর কাছে দাবি জানিয়েছেন।
ভিন্নবার্তা/এমএসআই
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051