কিশোরগঞ্জের ভৈরব উপজেলায় ইউপি নির্বাচনে আগানগর ইউনিয়নে মো. হুমায়ূন কবির স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিলের দুই ঘণ্টা পর জানতে পারেন তিনি নৌকার মনোনয়ন পেয়েছেন। এতে হতবাক হয়েছেন তিনি। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার দুপুরে উপজেলা নির্বাচন অফিসে। বিষয়টি বুধবার নির্বাচন অফিস থেকে জানা গেছে।
এ বিষয়ে মো. হুমায়ূন কবির জানান, ভৈরবে তৃণমূলের ডেলিগেট ভোটে আমি ১০ ভোট পেয়ে তৃতীয় হয়েছি। আমার সঙ্গে প্রতিদ্বন্দ্বী ছিলেন মো. হীরা মিয়া ও মো. সেলিম মিয়া। ডেলিগেট ভোটে হীরা মিয়া প্রথম এবং সেলিম মিয়া দ্বিতীয় হয়। এতে আমি ভেবেছিলাম আমি আওয়ামী লীগের মনোনীত হয়ে নৌকা মার্কাটি কখনই পাব না। এ কারণে আমি মঙ্গলবার দুপুরে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করি। কিন্তু এদিন বিকাল ৩টায় জানতে পারি আমি নৌকার মনোনয়ন পেয়েছি। খবরটি শুনে আমি হতবাক হয়ে যাই। এখন আওয়ামী লীগ সভানেত্রীর পত্রটি পাওয়ার পর মনোনয়নপত্রে সংযুক্ত করে দেব।
এ বিষয়ে উপজেলা রিটার্নিং অফিসার ও উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. আবদুল আলিম রানা বলেন, আগানগর ইউনিয়নে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী হিসেবে মো. হুমায়ূন কবির মঙ্গলবার দুপুরে তার মনোনয়নপত্র জমা দিয়েছেন।
উপজেলা নির্বাচন অফিসার প্রলয় কুমার সাহা এ বিষয়ে জানান, হুমায়ূন কবিরের মনোনয়নপত্রটি স্বতন্ত্র হিসেবে জমা দিলেও পরে আওয়ামী লীগ সভানেত্রীর স্বাক্ষরিত নৌকা পাওয়ার পত্রটি জমা দিলে ঠিক করে দেয়া হবে। এতে তার কোনো সমস্যা হবে না।
ভিন্নবার্তা ডটকম/আর
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051