
ঝিনাইদহ-২ আসনে স্বতন্ত্র প্রার্থী নাসের শাহরিয়ার জাহেদী মহুলের বাড়ির প্রবেশ পথে রাতে নৌকার পোস্টার টাঙানো হয়। পোস্টারগুলো এতটাই ঝুলে ছিল যে স্বতন্ত্র প্রার্থীর বাড়ি প্রবেশ করা যাচ্ছিল না। বৃহস্পতিবার সকালে এমন দৃশ্য দেখে বিব্রত হন স্বতন্ত্র প্রার্থী নাসের শাহরিয়ার জাহেদী মহুলের সমর্থকরা। শুরু হয় নানা আলোচনা সমালোচনা। উত্তেজনা ছড়ানোর আগেই জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক রফিকুল ইসলামের তড়িৎ হস্তক্ষেপে একজন নির্বাহী ম্যাজিষ্ট্রেটের তত্বাবধানে নৌকার পোস্টারগুলো উপরে তুলে বেঁধে দেওয়া হয়। সরজমিন দেখা যায় ঝিনাইদহ শহরের বঙ্গবন্ধু সড়কের শিল্পকলা একাডেমীর সামনে থেকে পোস্ট অফিস মোড় পর্যন্ত পোস্টার নিচে করে টাঙানোর দৃশ্য চোখে পড়ে।
সলেমান নামে এক রিক্সা চালক জানান, এভাবে পোস্টার ঝুলিয়ে রাখার কারণে তাদের যাতায়াতে সমস্যা সৃষ্টি হচ্ছিল। এ বিষয়ে ঝিনাইদহ জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা রোকনুজ্জামান জানান, স্বতন্ত্র প্রার্থীর বাড়ির প্রবেশ পথে নিচু করে পোস্টার টাঙানোর খবর জানতে পেরে একজন নির্বাহী ম্যাজিষ্ট্রেটকে পাঠিয়ে জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক দ্রুত ব্যবস্থা গ্রহন করেন।
ভিন্নবার্তা/এমএসআই