
জামালপুরের দেওয়ানগঞ্জ ও ইসলামপুর থেকে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে গরু আসছে রাজধানী ঢাকায়। বাংলাদেশ রেলওয়ে পরিচালিত ক্যাটল স্পেশাল ট্রেনে করে ঢাকায় আসছে এসব গরু।
ক্যাটল স্পেশাল প্রথম ট্রেনে প্রতি ওয়াগণে ১৬টি করে মোট ২৫টি ওয়াগণে ৪০০টি গরু নিয়ে বুধবার (৬ জুলাই) ছেড়ে আসে একটি ট্রেন। সেটি ঢাকায় পৌঁছায় বৃহস্পতিবার ভোরের দিকে।
বৃহস্পতিবার (৭ জুলাই) দুটি স্টেশন থেকে আরও ৪০০ গরু নিয়ে রাত ৯টায় ছেড়ে আসে অন্য একটি ট্রেন।
ইসলামপুরের স্টেশন মাষ্টার শাহিন মিয়া বলেন, ক্যাটল স্পেশাল দ্বিতীয় ট্রেন দেওয়ানগঞ্জ বাজার থেকে ১৮টি ওয়াগণে ১৬টি করে ২৮৮ টি গরু, ইসলামপুর বাজার থেকে সাতটি ওয়াগণে ১১২টি গরুসহ মোট ২৫টি ওয়াগণে ৪০০ গরু নিয়ে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে গেছে।
এদিকে ট্রেন চালু হওয়ায় স্থানীয়ভাবে প্রতি গরুর দাম ১০ থেকে ১২ হাজার টাকা করে বেড়ে গেছে।
এবারে জামালপুরের ৭টি উপজেলায় প্রায় অর্ধশতাধিক স্থানে কোরবানী পশুর হাট বসেছে। চাহিদার চেয়ে গরু সরবরাহ বেশি হওয়াতে গরুর দাম অনেকটা কম বলে জানিয়েছেন গরু ব্যবসায়ী ও খামারিরা।
এদিকে হাতের নাগালের মধ্যে গরু পাওয়ায় বেশ খুশি সাধারণ মানুষ।
ভিন্নবার্তা ডটকম/পিকেএইচ