স্পেনের বেনিডর্মের কাছে সমুদ্রতীরবর্তী শহরে একটি উঁচু আবাসিক ব্লকের অভ্যন্তরে স্থানীয় সময় সোমবার মধ্যরাতে অগ্নিকাণ্ড হয়েছে। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, এতে একটি শিশু, তার বাবা ও দাদি মারা গেছেন।
পুলিশের একজন মুখপাত্র জানিয়েছেন, স্থানীয় সময় সোমবার রাত সোয়া ২টার কিছু আগে ভিলাজয়োসা শহরে একটি ২৪তলা অ্যাপার্টমেন্ট ব্লকের ১১ তলায় আগুন লাগে। উদ্ধারকারীরা ব্লক থেকে ১২০ জনকে সরিয়ে নেয় এবং ১৫ জনকে হাসপাতালে নেওয়া হয়, যাদের মধ্যে একজন স্থানীয় পুলিশ সদস্যও ছিলেন।
ভিলাজয়োসার মেয়র মার্কোস জারাগোজা সাংবাদিকদের বলেছেন, নিহতরা একই পরিবারের সদস্য—একটি ছোট ছেলে, তার বাবা ও দাদি।
অগ্নিনির্বাপককর্মীরা জানান, ভোর ৪টার কিছুক্ষণ আগে আগুন নিভিয়ে ফেলা হয় এবং বাসিন্দাদের বাড়ি ফেরার অনুমতি দেওয়া হয়।
পুলিশ জানিয়েছে, কী কারণে আগুন লেগেছে তা তাৎক্ষণিকভাবে পরিষ্কার নয়। যদিও গণমাধ্যমের প্রতিবেদনে অত্যাধিক বৈদ্যুতিক প্লাগ-সকেট ব্যবহারের কথা বলা হয়েছে।
একই অঞ্চলে আরেকটি অগ্নিকাণ্ডের ১০ দিন পর এই অগ্নিকাণ্ড হলো। আগেরবার বন্দর নগরী ভ্যালেন্সিয়াতে একটি ১৪ তলা উঁচু ভবন এবং সংলগ্ন ১০ তলা ব্লকে আগুনে ১০ জনের মৃত্যু হয়েছিল। ভ্যালেন্সিয়ার সেই আগুন স্পেনকে হতবাক করেছিল। প্রত্যক্ষদর্শীরা বলেছিলেন, আগুন খুব দ্রুত ১৩৮টি ফ্ল্যাটের ব্লকে ছড়িয়ে পড়েছিল।
প্রতি ঘণ্টায় ৬০ কিলোমিটার বেগে বয়ে যাওয়া প্রবল বাতাসের কারণে আগুন এত দ্রুত ছড়িয়ে পড়েছিল বলে কর্মকর্তারা জানিয়েছিলে। এ ছাড়া বিশেষজ্ঞরা বলেছেন, কাঠামোটি অত্যন্ত দাহ্য ক্ল্যাডিং দিয়ে আবৃত ছিল।
এর আগে ২০২৩ সালের অক্টোবরে প্রতিবেশী মুরসিয়ায় একটি নৈশক্লাবে আগুনে ১৩ জন মারা গিয়েছিল। তদন্তের অংশ হিসেবে ছয়জনকে অভিযুক্ত করা হয়েছে এবং যদি অবহেলার কারণে মৃত্যু প্রমাণিত হয় তাহলে তাদের ৯ বছর কারাদণ্ডের সম্মুখীন হতে পারে।
সূত্র : এএফপি
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051