গাজায় ইসরায়েলি বিমান হামলায় ৫১টি শিক্ষা প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে ৪৬টি স্কুল, দুইটি কিন্ডারগার্টেনস, জাতিসংঘ চালিত একটি প্রশিক্ষণ কেন্দ্র রয়েছে। এছাড়া গাজায় ইসলামিক ইউনিভার্সিটির অংশ বিশেষও ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জাতিসংঘের হিউম্যানিটারিয়ান রিপোর্টে বলা হয়েছে।
পূর্ব জেরুজালেমে আল-আকসা মসজিদ চত্বরে ইসরায়েলি পুলিশের সঙ্গে ফিলিস্তিনিদের সংঘর্ষের জের ধরে ১১ দিন ধরে ইসরায়েল ও গাজা নিয়ন্ত্রণকারী হামাসের পাল্টাপাল্টি হামলা চলে। গাজা থেকে ইসরায়েলের দিকে রকেট ছোড়ার কথা জানিয়ে গত ১০ মার্চ রাত থেকে অধিকৃত এই উপত্যকায় ফিলিস্তিনিদের স্থাপনায় বিমান হামলা চালায় ইসরায়েল।
জাতিসংঘের ওই প্রতিবেদনে বলা হয়েছে, গাজা উপত্যকা জুড়ে জাতিসংঘ পরিচালিত ৫৮টি স্কুলে ৬৬ হাজার ফিলিস্তিনি আশ্রয় নিচ্ছে। এছাড়া ইসরায়েলি বিমান হামলায় কমপক্ষে ৬টি হাসপাতাল, গাজার একমাত্র কোভিড পরীক্ষাকেন্দ্রসহ ১১টি প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র ক্ষতিগ্রস্ত হয়েছে।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, ইসরায়েলি হামলায় ব্যাপকভাবে গাজার বৈদ্যুতিক নেটওয়ার্ক ক্ষতিগ্রস্ত হয়েছে। এর ফলে দৈনিক ২০ থেকে ২১ ঘন্টা বিদ্যুৎ বিচ্ছিন্ন থাকছে। এই কারণে উপত্যকাজুড়ে পানি এবং স্যানিটাইজেশন ব্যবস্থা সমস্যা দেখা দিয়েছে। গাজা উপত্যকার কমপক্ষে আড়াই লাখ মানুষ সুপেয় পানি ছাড়া বসবাস করছে বলেও জাতিসংঘের ওই প্রতিবেদনে বলা হয়েছে।
ইসরায়েল ও হামাসের মধ্যে এবারের সহিংসতায় ২৪০ জনের বেশি মানুষ নিহত হয়েছে। গাজায় ইসরায়েলি হামলায় অন্তত ২৩২ জন ফিলিস্তিনি নিহত হয়েছে। তাদের মধ্যে ১০০ জনের বেশি নারী ও শিশু। আহত হয়েছে ১ হাজার ৭০০ জনের বেশি ফিলিস্তিনি। ইসরায়েলের ভাষ্য, সংঘাতে গাজা থেকে প্রায় ৪ হাজার রকেট ছোড়া হয়েছে। রকেটে ২ শিশুসহ অন্তত ১২ জন নিহত হয়েছে। আর আহত হয়েছে অন্তত ৩৩০ জন। আর গাজায় ইসরায়েলের হামলায় কমপক্ষে ১৫০ জন ‘সন্ত্রাসী’ নিহত হয়েছে। অবশ্য সংগঠনের সদস্যদের প্রাণহানির বিষয়ে হামাস কোনো তথ্য দেয়নি।
স্থানীয় সময় শুক্রবার ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতি ইতিমধ্যে কার্যকর হয়েছে। এই যুদ্ধবিরতি কার্যকর হওয়ার মধ্য দিয়ে দুই পক্ষের মধ্যে ১১ দিনের সহিংসতার অবসান ঘটল। সংঘাতে ইসরায়েল ও হামাস উভয় পক্ষ নিজেদের জয় দাবি করেছে।
ভিন্নবার্তা/এমএসআই
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051