
দেবহাটায় তৌফিক হোসেন (১২) নামে এক স্কুলছাত্রের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার নিহতের নিজ বাড়ি থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত শিক্ষার্থী খেজুরবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্র ছিল এবং উত্তর সখিপুর গ্রামের আমজাদ আলীর ছেলে।
নিহতের বাবা জানান, বিদ্যালয়ে না যাওয়া নিয়ে মঙ্গলবার বকাবকি করায় অভিমান করে সকাল থেকে ঘরের ভেতরে অবস্থান করছিল সে। সবাই যখন কাজে ব্যস্ত হয়ে পড়ে ঠিক সেই সময়ে সিলিং ফ্যানের সঙ্গে গলায় ওড়না প্যাঁচিয়ে ঝুলে পড়ে। পরে দুপুর নাগাত তৌফিকের ঘরের দরজা-জানালা বন্ধ দেখে চিৎকার শুরু করে স্বজনরা। পরে ঘরের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করলে ফ্যানের সঙ্গে ঝুলতে দেখে দ্রুত তাকে নামিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এরপর পুলিশকে খবর দিলে লাশটি ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।
দেবহাটা থানার ওসি সেখ মাহমুদ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, জানা গেছে শিশুটি অভিমান করে এমন কাজ করেছে।
ভিন্নবার্তা/এমএসআই