খুলনায় বাজার থেকে স্কুলছাত্রীকে তুলে নিয়ে ধর্ষণের অভিযোগ উঠেছে চয়ন নামের এক যুবকের বিরুদ্ধে। খোঁজ নিতে গেলে মারধরের শিকার হন ওই ছাত্রীর পরিবারের লোকজন।
সোমবার (১ নভেম্বর) সকালে চয়নের নামে খুলনা সদর থানায় ধর্ষণ মামলা করে ভুক্তভোগী স্কুলছাত্রীর পরিবার।
স্কুলছাত্রীর বড় বোন বলেন, আমার ছোট বোন স্থানীয় একটি স্কুলের সপ্তম শ্রেণির ছাত্রী। শনিবার সন্ধ্যায় আমি ও আমার ছোট বোন রূপসা মার্কেটে যাই বাজার করতে। তাকে মার্কেটে রেখে পাশে বাসস্ট্যান্ডে যাই জরুরি কাজে। পরে এসে বোনকে খুঁজে পাইনি। বিষয়টি নিয়ে পরিবারের লোকজনকে জানালে তারাও খোঁজ নিতে থাকে। এক পর্যায়ে থানায় অভিযোগ করি। থানা পুলিশও খোঁজ খবর নিতে থাকে। পরদিন সকালে জানতে পারি আমার বোনকে নতুন বাজারে পরিত্যক্ত একটি বরফকলে আটকে রেখে শারীরিক ও যৌন নির্যাতন করে চয়ন।
তিনি আরও বলেন, সকালে চয়নের বাড়িতে গিয়ে বোনকে ফিরিয়ে নিয়ে আসি। চয়ন তার বাবা, ভাই ও পরিবারের সামনেই আমাদের মারধর করে। আমরা কিছু না বলে শুধু বোনকে নিয়ে পুলিশের সহায়তায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করি। সেখানে তার ডাক্তারি পরীক্ষা সম্পন্ন হয়েছে।
খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান আল মামু বলেন, ধর্ষণের ঘটনায় মামলা হয়েছে। অভিযুক্তকে গ্রেফতারে অভিযান চলছে।
ভিন্নবার্তা ডটকম/এন
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051