সৌদি আরবের বিমানবন্দরগুলোতে ইয়েমেনের হুতি বিদ্রোহীদের হামলার জেরে ঢাকা থেকে ১০৭টি ফ্লাইট বাতিল করা হয়েছে। এর ফলে দেশে আটকা পড়েছে ১৬ হাজার ৬২০ জন যাত্রী।
শুক্রবার বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এ ছাড়া আগামী ২৪ অক্টোবর পর্যন্ত সৌদি আরবগামী সব ফ্লাইট বাতিলের ঘোষণা দিয়েছে ভারতীয় বেসরকারি বিমান পরিচালনা সংস্থা ইন্ডিগো।
বেবিচক জানায়, বাতিল হওয়া ১০৭টি ফ্লাইটের মধ্যে ৪৪টি সরাসরি এবং ৬৩টি ট্রানজিট ফ্লাইট। এতে ভোগান্তিতে পড়েছে ১৬ হাজার ৬২০ জন যাত্রী।
বাতিল সরাসরি ফ্লাইটের মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ১৭টি, ইউএস-বাংলা এয়ারলাইনসের ১০টি, সৌদিয়া এয়ারলাইনসের ১০টি এবং রিয়াদ এয়ারওয়েজের সাতটি ফ্লাইট রয়েছে।
এ ছাড়া ইন্ডিগোর ২২টি, এমিরেটসের ১৪টি, কাতার এয়ারওয়েজের ৯টি, ফ্লাইদুবাইয়ের ৬টি, সালাম এয়ারের ৭টি, এয়ার ইন্ডিয়ার ৪টি এবং ইজিপ্টএয়ারের একটি ট্রানজিট ফ্লাইট বাতিল করা হয়েছে।
অন্যদিকে ইন্ডিগো জানিয়েছে, সৌদি আরবের পরিবর্তনশীল পরিস্থিতি মূল্যায়ন করে রিয়াদ, জেদ্দা, দাম্মাম ও মদিনা থেকে যাওয়া-আসার ফ্লাইট ২৪ অক্টোবর পর্যন্ত বাতিল করা হয়েছে। এর মধ্যে ঢাকা থেকে সৌদিগামী যাত্রীদের বহনকারী ইন্ডিগোর ২২টি ট্রানজিট ফ্লাইট রয়েছে।
ফ্লাইট বাতিল হওয়ায় ভোগান্তিতে পড়েছে যাত্রীরা। তাদের মধ্যে বেশি বিপাকে পড়েছেন ভিসার মেয়াদ শেষের দিকে থাকা প্রবাসী কর্মীরা।
তবে জরুরি পরিস্থিতিতে কর্মীদের বিকল্প পথে সৌদি পাঠানোর উদ্যোগ নিয়েছে সরকার। এ লক্ষ্যে জেদ্দা ও মদিনা বিমানবন্দরে অতিরিক্ত ফ্লাইট পরিচালনা করছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস।
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051