দু’দিন আগে মুম্বাই ইন্ডিয়ান্সের জার্সিতে আইপিএল জেতার স্বাদ পেয়েছেন ভারতীয় অলরাউন্ডার ক্রুনাল পান্ডিয়া। তবে আরব আমিরাত থেকে ভারতে ফেরার পথে বিড়ম্বনায় পড়েছেন তিনি।
নিয়ম ভেঙে বাড়তি সোনা ও বেশকিছু দামি জিনিসপত্র নিয়ে দেশে ফেরায় ক্রুণালকে আটক করেছে ভারতের শুল্ক দপ্তর বা ডিআরআই (ডিরেক্টরেট অব রেভেনিউ ইন্টিলিজেন্স)।
আইপিএল জেতার আনন্দ নিয়েই পুরো দলের সঙ্গে সংযুক্ত আরব আমিরাত থেকে দেশে ফিরছিলেন ক্রুণাল পান্ডিয়া। কিন্তু বৃহস্পতিবার দুবাই থেকে মুম্বাইয়ের এয়ারপোর্টে নামার পর তাকে আটক করেন ডিআরইউ কর্মকর্তারা। কারণ তার কাছে যে পরিমাণ সোনা ও অন্যান্য দামি জিনিসপত্র থাকার কথা তার চেয়ে বেশি ছিল। কোথা থেকে এগুলো কিনেছেন সে ব্যাপারে জিজ্ঞাসাবাদ করা হয় তাকে।
ভারতের শুল্ক আইন অনুযায়ী, দুবাই থেকে ভারতে একজন পুরুষ সর্বাধিক ২০ গ্রাম এবং একজন নারী সর্বাধিক ৪০ গ্রাম সোনা আনতে পারেন। ক্রুণাল সেই নির্ধারিত পরিমাণের বেশি সোনা নিয়ে ভারতে ফিরেছেন বলে দেশটির বিভিন্ন সংবাদমাধ্যম জানিয়েছে।
বেআইনিভাবে দামি ঘড়ি আনার অভিযোগেও জিজ্ঞাসাবাদের মুখোমুখি হয়েছেন তিনি। এর মধ্যে হীরাখচিত একটি এবং বাকি দুটি রোলেক্স মডেলের। তিনটি ঘড়ির সর্বমোট মূল্য প্রায় ১ কোটি রুপি বলে জানা গেছে।
একটি চার্টার্ড ফ্লাইটে দেশের মাটিতে পা রাখার পর ক্রুণালকে প্রায় ৩ ঘণ্টা জেরা করেন ভারতের শুল্ক বিভাগের কর্মকর্তারা। তবে দামি ঘড়িগুলোকে কাস্টমসে জমা দিয়ে আসার পর তাকে ছেড়ে দেওয়া হয়েছে। এগুলো ফেরত নিতে হলে শুল্ক ও জরিমানা পরিশোধ করতে হবে
ক্রুনাল সদ্য সমাপ্ত আইপিএলে ১৬টি ম্যাচ খেলে ব্যাট হাতে ১০৯ রান করেছেন। বল হাতে নিয়েছেন ছয় উইকেট। তিনি ভারতীয় দলের হয়ে ১৮টি আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন।
ভিন্নবার্তা/এসআর
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051