নীলফামারীর সৈয়দপুরে মোটর সাইকেল মেকানিক দোকানের চালের টিন কেটে দড়ি বেয়ে নেমে দূর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। শহরের গার্ডপাড়ায় পাইলট বালিকা বিদ্যালয় ও কলেজ সংলগ্ন বিসমিল্লাহ মোটর সাইকেল মেকানিক দোকানে এই চুরি সংঘটিত হয়েছে। বুধবার (২৩ মার্চ) দিবাগত রাতের এ ঘটনায় চোরেরা নগদ ১৫ হাজার টাকাসহ প্রায় লক্ষাধিক টাকার বিভিন্ন যন্ত্রাংশ (পার্টস) ও মেরামতের যন্ত্রপাতি (টুলস্) চুরি করেছে।
বিসমিল্লাহ মোটর সাইকেল মেকানিক দোকানের স্বত্বাধিকারী মোটর মেকানিক মোঃ একরাম হোসেন বলেন, প্রতিদিনের মত যথারীতি গতকালও রাতে দোকান বন্ধ করে বাসায় যাই।
বৃহস্পতিবার (২৪ মার্চ) সকাল ৯ টার দিকে কাজের ছেলেটা দোকানের তালা খুলে ভিতরে ঢুকেই দেখে জিনিসপত্র সব এলোমেলো এবং মাঝ বরাবর একটা মোটা কাপড়ের রশি (দড়ি) চাল থেকে মেঝে পর্যন্ত ঝুলছে। রশির মাথার দিকে তাকাতেই চোখে পড়ে উপরের চালের টিন কাটা। এতে সে বুঝতে পারে দোকানে চুরি হয়েছে।
খবর পেয়ে এসে দেখি কাঁচের দরজাওয়ালা আলমিরা থেকে নগদ ১৫ হাজার টাকাসহ মোটর সাইকেলের বিভিন্ন যন্ত্রাংশ, মেরামতের কাজে ব্যবহৃত যন্ত্রপাতি (টুলস্), কয়েকটি টায়ার নেই। সব মিলিয়ে প্রায় লক্ষাধিক টাকার মালামাল চুরি করেছে চোরেরা।
তিনি আরও বলেন, চোরেরা দোকানের পিছনের (পশ্চিম) দিকের চালের টিন কেটে রশি বেয়ে নেমে এই চুরির ঘটনা ঘটিয়েছে। এতে অনেক সময় লেগেছে। শহরের অন্যতম ব্যস্ত এই প্রধান সড়কের সাথেই এভাবে দূর্ধর্ষ চুরি করলেও প্রশাসন বিন্দুমাত্র টের পেলোনা কেন? এটা মেনে নেয়া যায়না। তাহলে নিরাপত্তা কোথায়? তিনি এর যথাযথ তদন্তপূর্বক দ্রুত চোরদের গ্রেফতার ও বিচারের দাবী জানান।
এ ব্যাপারে লিখিত অভিযোগ দিয়েছেন একরাম হোসেন। অভিযোগের প্রেক্ষিতে সৈয়দপুর থানার এসআই সাহিদুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করে প্রাথমিক তদন্ত করেছেন। তিনি বলেন, অতিশীঘ্রই চুরির সাথে জড়িতদের সনাক্তপূর্বক গ্রেফতার করা হবে।
ভিন্নবার্তা/এমএসআই
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051