নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চ, ২০১৯ সালের শুরুতে যেখানে এক ব্যক্তির নির্বিচার গুলিতে প্রাণ হারিয়েছিলেন ৫০ জনেরও বেশি মুসলিম। সেই হামলা থেকে অল্পের জন্য রক্ষা পেয়েছিলেন বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটাররা। সেখানে এখন অবস্থান করছে পাকিস্তান ক্রিকেট দল। তারা সেখানে বাধ্যতামূলক ১৪ দিনের কোয়ারেন্টাইন শুরু করেছেন। তবে পাকিস্তানি ক্রিকেটারদের কোয়ারেন্টাইন যথাযথভাবে পালন নিশ্চিত করার জন্য সেনা বসিয়েছে নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড।
ক্রিকেট পাকিস্তান ডটকমের খবরে বলা হয়েছে, পাকিস্তান ক্রিকেট দলকে পুরোপুরি সেনা তদারকির মধ্যে রাখা হয়েছে। ১৪ দিনের কোয়ারেন্টাইনের সময় পাকিস্তান ক্রিকেট দল পুরোপুরি সেনা তত্ত্বাবধানেই থাকবে। মূলত সঠিকভাবে কোয়ারেন্টাইন পালন, স্থানীয়ভাবে গ্রহণ করা কোভিড-১৯ এর জন্য যত নিয়ম-নীতি রয়েছে, সবগুলো সুন্দরভাবে যাতে পাকিস্তানি ক্রিকেটাররা পালন করতে পারেন, সে জন্যই এই সেনা তত্ত্বাবধানের ব্যবস্থা করা হয়েছে।
স্বাগতিক নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি এবং টেস্ট সিরিজ শুরুর আগে ক্রাইস্টচার্চে এই সেনা তত্ত্বাবধান শুরু হলো। ক্রাইস্টচার্চে পুরো পাকিস্তান দল প্রথমে তিনদিন আইসোলেশনে থাকবে। এর মধ্যে কোভিড-১৯ পরীক্ষায় পজিটিভ প্রমাণিত হলে তাকে দল থেকে আলাদা করে ফেলা হবে। কোয়ারেন্টাইনের বাকি সময় পাকিস্তানের দলের সদস্যদের বিভিন্ন গ্রুপে ভাগ করে ফেলা হবে। প্রতিটি গ্রুপ তাদের জন্য নির্ধারিত এরিয়ায় থাকবে। এই সময়ে কোনোভাবেই এক গ্রুপের ক্রিকেটারেরা অন্য গ্রুপের সঙ্গে যোগাযোগ করতে পারবেন না।
প্রথম তিনদিন খেলোয়াড়রা তাদের হোটেল রুমের বেলকনিতে এক্সারসাইজ করতে পারবেন। পুরো দল ম্যানেজমেন্টের সঙ্গে কানেক্টেড থাকবে হোয়াটসঅ্যাপ গ্রুপ কিংবা জুম ভিডিও কলের মাধ্যমে। তিন দিনের আইসোলেশন শেষে খেলোয়াড়রা অনুশীলন করতে পারবে। তবে সেটা হতে হবে নিধারিত গ্রুপে গ্রুপে এবং তাদের জন্য নির্ধারিত জায়গায়। লিঙ্কন ইউনিভার্সিটির নিউজিল্যান্ড ক্রিকেট হাই পারফরম্যান্স সেন্টারের মাঠেই অনুশীলন করবে পাকিস্তান ক্রিকেট দল।
তাদের ভাগ করা হয়েছে মোট চারটি গ্রুপে। পিকে-১, পিকে-২, পিকে-৩, পিকে-৪- এই চার গ্রুপে ভাগ হয়ে কোয়ারেন্টাইন পালন করবে পাকিস্তান ক্রিকেটাররা। অনুশীলনও করবে একসঙ্গে।
১৮ ডিসেম্বর নিউজিল্যান্ডের সঙ্গে পাকিস্তানের তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরু হওয়ার কথা। বাকি দুই ম্যাচ হবে ২০ ও ২২ ডিসেম্বর। এরপর খেলবে দুই ম্যাচের টেস্ট। যে দুই ম্যাচ আবার আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অন্তর্ভূক্ত। শুরু হবে ২৬ ডিসেম্বর থেকে।
ক্রাইস্টচার্চে ২০১৯ সালের ১৫ মার্চ (শুক্রবার) জুমার নামাজ চলাকালীন সময়ে আল নূর মসজিদ এবং ক্রাইস্টচার্চে লিনউড ইসলামিক সেন্টারে ওই গুলি চালানো হয়। এই গুলিবর্ষণ নিউজিল্যান্ডের ইতিহাসে সবচেয়ে মারাত্মক সন্ত্রাসবাদী হামলা। এতে প্রায় ৫০ জন নিহত হন ও কমপক্ষে ৫০ জনের মতো গুরুতরভাবে আহত হন। অভিযুক্ত অপরাধী, অস্ট্রেলিয়ান ব্রেন্টন ট্যারেন্টকে গ্রেফতার করা হয় এবং হত্যার অভিযোগ আনা হয়। ব্রেন্টন ট্যারেন্ট সামাজিক যোগাযোগের অন্যতম মাধ্যম ফেসবুক সরাসরি ব্যবহার করে আক্রমণের দৃশ্য সরাসরি সম্প্রচার করেন।
ভিন্নবার্তা ডটকম/এসএস
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051