আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের গ্রামের বাড়ির প্রবেশপথ সংলগ্ন সড়ক থেকে ককটেল ও কার্তুজ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার রাত পৌনে ১২টায় বসুরহাট পৌরসভার বড় রাজাপুর গ্রামের বসুরহাট-দাগনভুঞা সড়কের পাশ থেকে এগুলো উদ্ধার করা হয়।
প্রত্যক্ষদর্শী ও বাড়ির নিরাপত্তারক্ষীরা জানান, রাত সাড়ে ১১টার দিকে মন্ত্রীর বাড়ির নিরাপত্তা প্রহরী সুমন সড়কের পাশে ককটেল ও কার্তুজ দেখতে পান। তিনি বিষয়টি মন্ত্রীর বাড়ির দায়িত্বরত পুলিশ গার্ডের ইনচার্জকে জানানোর পর তারা কোম্পানীগঞ্জ থানায় খবর দিলে ওসির নেতৃত্বে পুলিশ তা উদ্ধার করে থানায় নিয়ে যায়।
কোম্পানীগঞ্জ থানার ওসি মীর জাহেদুল হক রনি বলেন, মন্ত্রীর বাড়ির প্রবেশপথ সংলগ্ন সড়কের পাশ থেকে এক রাউন্ড শর্টগানের কার্তুজ, দুটি অবিস্ফোরিত ককটেল ও দুটি চকলেট বোমা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি। তবে তদন্ত করে প্রকৃত ঘটনা উদঘাটনে পুলিশ তৎপরতা চালাচ্ছে। এর আগেও ১৬ এপ্রিল রাতে একই স্থানে ককটেল হামলার ঘটনা ঘটেছিল।
এদিকে এ ঘটনার পর সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের বাড়ির নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে। সেতুমন্ত্রীর ছোটভাই বসুরহাটের আলোচিত পৌর মেয়র আবদুল কাদের মির্জার পরিবার ওই বাড়ির বাসিন্দা হলেও তিনি সেখানে থাকেন না। গত কয়েক মাস তিনি বসুরহাট পৌরসভায় অবস্থান করছেন।
ভিন্নবার্তা ডটকম/পিকেএইচ
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051