সরকারপ্রধানের প্রতি চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়ে বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, সাহস থাকলে পদত্যাগ করে নিরপেক্ষ সরকারের অধীনে অবাধ ও সুষ্ঠু নির্বাচন দিয়ে নিজেদের জনপ্রিয়তা যাচাই করুন। তখন বোঝা যাবে- দল হিসেবে আওয়ামী লীগ টিকে থাকবে, কি থাকবে না। সুষ্ঠু নির্বাচন হলে বিএনপি নয়, আওয়ামী লীগেরই অস্তিত্ব থাকবে না।
‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে মঙ্গলবার বিকেলে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে জিয়া স্মৃতি পাঠাগারের উদ্যোগে এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সোমবার যুক্তরাজ্যের কুইন এলিজাবেথ সেন্টারে দেশটিতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের দেওয়া এক নাগরিক সংবর্ধনায় ভাষণ দেওয়ার সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আদালতে বিএনপির শীর্ষ নেতৃত্বের সাজা হওয়ায় রাজনৈতিক দল হিসেবে ভবিষ্যতে দলটির অস্তিত্ব টিকে থাকা নিয়ে প্রশ্ন তোলেন। এছাড়া আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সম্প্রতি বলেছেন, সাহস থাকলে তারেক রহমান দেশে ফিরে আসুক। এসব কথার জবাবে রিজভী সরকারপ্রধানকে চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়ে এসব মন্তব্য করেন।
রুহুল কবির রিজভী বলেন, আপনারা ১৪ বছর বিনা ভোটে জোর করে ক্ষমতায় আছেন। ন্যূনতম সাহস থাকলে অবাধ ও সুষ্ঠু নির্বাচন দিতেন। ভীরু বলে সুষ্ঠু নির্বাচন দেন না, দিনের ভোট রাতে করেন। সাহস থাকলে পদত্যাগ করে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন দেন। তখন বোঝা যাবে- দল হিসেবে ভবিষ্যতে কারা টিকে থাকবে। সুষ্ঠু নির্বাচন হলে বিএনপি নয়, আওয়ামী লীগেরই অস্তিত্ব থাকবে না। কারণ সুষ্ঠু ভোট হলে জনগণ আপনাদের পরিত্যাগ করবে। সুষ্ঠু নির্বাচন দেওয়ার সৎ সাহস আপনাদের নেই।
তিনি আরও বলেন, বিনা ভোটে ক্ষমতায় এসে আপনারা নাৎসিবাদ কায়েম করেছেন, জনগণকে পরিত্যাগ করেছেন। জনগণ কষ্টে থাকলেও আপনারা সেটা দেখতে পান না। জ্বালানি তেল ও পরিবহন ভাড়া বৃদ্ধিতে জনগণের নাভিশ্বাস উঠেছে। কিন্তু সেদিকে আপনাদের কোনো খেয়াল নেই। আপনারা লুটপাটে ব্যস্ত। এসময় ৭ নভেম্বরের সিপাহী জনতার বিপ্লবকে ফরাসী বিপ্লবের সঙ্গে তুলনা করেন রিজভী।
বিএনপির শিক্ষা-বিষয়ক সম্পাদক ও জিয়া স্মৃতি পাঠাগারের আহ্বায়ক অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলামের সভাপতিত্বে ও ছাত্রদলের সাবেক যুগ্ম-সম্পাদক আবুল হাসানের পরিচালনায় এতে আরও বক্তব্য দেন বিএনপির মুক্তিযুদ্ধ-বিষয়ক সম্পাদক জয়নাল আবেদীন, জিয়া স্মৃতি পাঠাগারের সাইদুর রহমান মিন্টু প্রমুখ।
ভিন্নবার্তা ডটকম/এন
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051