তিন ম্যাচ ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে সুপার ওভারে পাকিস্তানকে হারাল জিম্বাবুয়ে। মঙ্গলবার রাওয়ালপিন্ডিতে অনুষ্ঠিত ম্যাচটি টাই হলে সুপার ওভারে গড়ায়। যেখানে সফরকারী জিম্বাবুয়ের কাছে পেরে ওঠেনি পাকিস্তান। এই জয়ে হোয়াইটওয়াশ এড়িয়েছে জিম্বাবুয়ে।
দিবারাত্রির ম্যাচটিতে টস জিতে ব্যাটিংয়ে নেমে শন উইলিয়ামসনের সেঞ্চুরিতে জিম্বাবুয়ে ৬ উইকেটে করেছিল ২৭৮। বাবর আজমের সেঞ্চুরিতে পাকিস্তান ৯ উইকেটে ঠিক ২৭৮ রান করতে পারে।
সুপার ওভারে আগে ব্যাট করে মাত্র ২ রান করতে পারে পাকিস্তান। যা তিন বল হাতে রেখে পেরিয়ে যায় জিম্বাবুয়ে।
সুপার ওভারে জিম্বাবুয়ের জয়ের নায়ক ব্লেসিং মুজারাবানি। এই ডানহাতি ফাস্ট বোলারে নাজেহাল হয়েছে পাকিস্তান। প্রথম বলেই ইফতিখার আহমেদকে তুলে নেন মুজারাবানি। পরের দুই বলে সিঙ্গেল। চতুর্থ বলে খুশলিদ শাহকে ফিরিয়ে পাকিস্তানকে থামিয়ে দেন ২৪ বছর বয়সী। মূল ম্যাচেও যিনি ৫ উইকেট নেন। তাই ম্যাচসেরাও তিনি।
৩ রানের লক্ষ্যমাত্রা খুব সহজেই পেরিয়ে যায় জিম্বাবুয়ে। সুপার ওভারে দলটির পক্ষে ব্যাটিংয়ে নেমেছিলেন ব্রেন্ডন টেইলর ও সিকান্দার রাজা।
প্রথম দুই ম্যাচ জিতে আগেই সিরিজ নিজেদের করেছিল পাকিস্তান। তাই এদিনের ম্যাচটি কিছুটা হলেও তার স্বাভাবিক উত্তেজনা হারায়। কিন্তু এই নির্বিষ ম্যাচেই প্রাণ প্রতিষ্ঠিত করলেন দুই দলের ক্রিকেটাররা।
নির্ধারিত ওভারে ছিল রুদ্ধশ্বাস উত্তেজনা। অপরাজিত ১১৮ রানে শন উইলিয়ামস জিম্বাবুয়েকে এদিন চ্যালেঞ্জিং পুঁজি এনে দিয়েছিলেন। তাকে যোগ্য সঙ্গ দেন টেইলর (৫৬), মাধেভিয়ারে (৩৩), সিকান্দার রাজা (অপরাজিত ৪৫)। পাকিস্তানের পক্ষে মোহাম্মদ হাসনাইন ৫ উইকেট নেন।
জবাবে বাবর আজমের ১২৫ রান এবং ওয়াহাব রিয়াজের ৫২ রানে ভর করেই ম্যাচ টাই করতে সমর্থ হয় পাকিস্তান। শেষ বলে মোহাম্মদ মুসার বাউন্ডারির কথা অবশ্য আলাদা করেই বলতে হবে।
এই জয়ের ফলে আইসিসি ওয়ার্ল্ড কাপ সুপার লিগে জিম্বাবুয়ে প্রথম পয়েন্ট পেল। এ ছাড়া টানা ১০ ম্যাচ হারের পরে জয়ে ফিরল দলটি। ৭ নভেম্বর শুরু হবে দুই দলের তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ।
ভিন্নবার্তা ডটকম/পিকেএইচ
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051