জনপ্রিয় অভিনেত্রী অরুণা বিশ্বাস। বেশ কয়েক মাস দেশের বাইরে ছিলেন। গেল ২১ সেপ্টেম্বর দেশে ফিরেছেন তিনি। দেশে ফিরেই কাজের ফেরার প্রস্তুতি নিচ্ছেন এই অভিনেত্রী। তিনি বলেন, করোনার কারণে সব কিছু তো থমকে আছে। তবু এরমধ্যে নতুন একটি কাজ করার পরিকল্পনা করছি। বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী উপলক্ষে একটি শর্টফিল্ম নির্মাণ করবো। একইসঙ্গে এতে অভিনয়ও করবো।
এই মাসের মাঝামাঝিতে কাজটি শেষ করার ইচ্ছে। সত্যি বলতে এমন ভালো একটি কাজ হাতছাড়া করতে চাই না। তাই একটু কষ্ট হলেও এটি করতে চাই। অভিনয়ের বাইরে অরুনা ক্যামেরার পিছনেও মাঝে মাঝে কাজ করেন। তার নির্মিত বেশ কয়েকটি নাটক দর্শকপ্রিয়তা পেয়েছে। বর্তমান সময়ে ওয়েব সিরিজ বেশ জনপ্রিয় হয়ে উঠছে। আমাদের দেশেও অনেক তারকা এরইমধ্যে ওয়েব সিরিজে নাম লিখিয়েছেন। এদিক থেকেও পিছিয়ে থাকতে নারাজ ‘চাপা ডাঙ্গার বউ’খ্যাত এই অভিনেত্রী। আগামী মাসেই একটি ওয়েব সিরিজ নির্মাণ করার পরিকল্পনা করছেন জানান। তিনি বলেন, ‘মিড নাইট স্টোরি’ শিরোনামের একটি ওয়েব সিরিজ নির্মাণ করবো। রাতের আঁধারে শুধু খারাপ কাজই হয় না। অনেক ভালো কাজও হয়ে থাকে। ওয়েবে সেই বিষয়টি তুলে ধরবো।
এদিকে মুক্তির অপেক্ষায় আছে অরুণার ‘শান’ শিরোনামের একটি ছবি। এছাড়া ‘তোকে ছাড়া শুন্য এ জীবন’ শিরোনামের আরো একটি ছবির শুটিং বাকী আছে তার। চলচ্চিত্রের বর্তমান পরিস্থিতি নিয়ে এই অভিনেত্রী বলেন, আমরা প্রযুক্তিগত দিক থেকে শুরু করে আরো অনেক কিছুতে পিছিয়ে আছি। এছাড়া একনায়কতন্ত্র আমাদের চলচ্চিত্রে এখন। যেটি আগে চলচ্চিত্রে ছিল না।
এ শিল্পকে এগিয়ে নিতে হলে সবার একসঙ্গে কাজ করতে হবে। প্রযুক্তির বিকাশ ঘটাতে হবে। এই প্রজন্মের অনেক অভিনেত্রী ক্যারিয়ার নিয়ে লম্বা সময় পার করতে পারছেন না। এ নিয়ে আপনার অভিমত কী? তিনি বলেন, শুধু সুন্দর হলেই নায়িকা হওয়া যায় না। নায়িকা হওয়ার জন্য অনেক গুনের অধিকারী হতে হয় সৌন্দর্যের পাশাপাশি। যেটি এই সময়ের অনেকের মধ্যেই নেই।
ভিন্নবার্তা ডটকম/এসএস
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051