চট্টগ্রামের সীতাকুণ্ডে বিএম কনটেইনার ডিপোতে অগ্নিকাণ্ড ও বিস্ফোরণে নওগাঁ শহরের চকপাথুরিয়া এলাকার বাসিন্দা রবিউল ইসলাম রবিন (২৭) নিখোঁজ হন। তিনি সীতাকুণ্ড ফায়ার স্টেশনে দমকল কর্মী (ফায়ার ফাইটার) হিসেবে কর্মরত ছিলেন। আগুন নেভানোর কাজে তিনিও সেখানে অংশ নিয়েছিলেন।
রবিউলের বাড়ি নওগাঁ শহরের বালুডাঙ্গা বাসস্ট্যান্ড সংলগ্ন চকপাথুরিয়া মহল্লায়।
শনিবার রাত সাড়ে ৮টার দিকে সর্বশেষ মায়ের সঙ্গে কয়েক সেকেন্ড কথা হয় রবিউলের। মাকে কল দিয়ে ডিউটিতে যাওয়ার আগে দোয়া চেয়ে নেন তিনি। ডিউটি থেকে ফিরে এসে সকালে মায়ের সঙ্গে কথা বলতে চেয়েছিলেন রবিউল।
আদরের সন্তান রবিউলের নিখোঁজ হওয়ার খবর শোনার পর থেকেই বারবার মূর্ছা যাচ্ছেন মা ফাইমা খাতুন।
সোমবার সকালে রবিউলের বাড়িতে গিয়ে দেখা যায়, ছেলের শোকে কাতর মা রবিউলের মা ফাইমা খাতুন বুক চাপড়াচ্ছেন আর ‘আল্লাহ আমার ছেলেকে তুমি ফিরায়ে দাও’ বলে বিলাপ করছেন। ছেলেকে ফিরে পেতে মায়ের এমন আকুতিতে প্রতিবেশীদের চোখও অশ্রুসিক্ত হয়ে যায়। স্বজনেরা ফাইমা খাতুনকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছেন।
ছেলের সঙ্গে শেষবার কি কথা হয়েছিল জানতে চাইলে ফাইমা খাতুন বলেন, ‘শনিবার রাত সাড়ে ৮টার রবিন আমার ফোনে কল দিছিল। বলল, মা সীতাকুণ্ডে একটা কারখানায় আগুন লাগছে। আমি ডিউটিতে যাচ্ছি। দোয়া কইরো। ফোন স্টেশনে রেখে যাচ্ছি। ডিউটি থেকে ফিরে এসে সকালে তোমার সাথে কথা হবে। এইটাই শেষ কথা।’ কথা বলতে বলতেই মূর্ছা যান ফাইমা খাতুন। কিছুক্ষণ পর জ্ঞান ফিরলে আবারো বিলাপ করতে থাকেন তিনি।
ফাইমা খাতুন বলেন, শনিবার রাতে শহরের এক আত্মীয়ের বাড়িতে ছিলাম। রাতে ছেলের সঙ্গে কথা হয়নি। ভোর ৫টার দিকে ছেলেকে ফোন দিলে ফায়ার স্টেশন অফিসে যে ডিউটিতে ছিল সে রিসিভ করে। ওই লোক বলেন, রবিউল ডিউটিতে গেছে তার জন্য দোয়া করেন। সকাল ৯টার দিকে বাসায় এসে টেলিভিশন চালু করে দেখি আগুনের সংবাদ। অনেক লোক মারা গেছে। কথা শেষ করতে পারেন না ফাইমা কাঁদতে থাকেন।
রোববার সকালে টেলিভিশনে সীতাকুণ্ডের অগ্নিকাণ্ড ও বিস্ফোরণে হতাহতের খবর দেখে রবিউলের এক বন্ধু মোবাইল ফোনে রবিউলের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেন। পরে ফোনে তাকে না পেয়ে তার বাবা খাদেমুল ইসলামকে ফোন দেন তিনি। ছেলের বন্ধুর কাছ থেকে অগ্নিকাণ্ডের ভয়াবহতার খবর শুনে খাদেমুল ইসলাম ছেলের মোবাইলে ফোনে কল দিলে সীতাকুণ্ড ফায়ার স্টেশনের এক সহকর্মী সেই কল রিসিভ করে জানান, রাতে আগুন নেভানোর সময় বিস্ফোরণের ঘটনা ঘটে। ওই বিস্ফোরণের পর থেকে রবিউলকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। এরপর থেকেই পরিবারটিতে বইছে শোকের মাতম।
ছেলের খোঁজ নিতে রোববার দুপুরে চট্টগ্রামের সীতাকুণ্ডের উদ্দেশে ছোট ছেলে রনি ও সাইদুর রহমান নামে এক প্রতিবেশীকে নিয়ে রওনা দেন খাদেমুল ইসলাম। যাওয়ার পথে খবর পান ঢাকায় শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে সীতাকুণ্ডের ঘটনায় অগ্নিদগ্ধ হয়ে রবিউল ইসলাম রবিন নামে একজন দমকল কর্মী ভর্তি আছেন। পরে সেখানে খোঁজ নিয়ে জানতে পারেন ওই রোগীর বাড়ি মানিকগঞ্জ জেলায়। সেখানে গিয়ে নিরাশ হওয়ার পর রাতে চট্টগ্রামের উদ্দেশে রওনা দেন তারা।
ভিন্নবার্তা ডটকম/পিকেএইচ
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051