দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সিলেট বিভাগজুড়ে আতঙ্ক সৃষ্টির চেষ্টা করছে একটি চক্র। এর ধারাবাহিকতায় সিলেট বিভাগের চার জেলার বিভিন্ন স্থানে অগ্নিসংযোগের ঘটনা ঘটে।
এর মধ্যে ঢাকা-সিলেট মহাসড়কের দক্ষিণ সুরমা থানা এলাকার লালাবাজারে একটি ট্রাকে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। শুক্রবার রাত ২টার দিকে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী এক অটোচালক জানান, সিলেটগামী একটি ট্রাক লালাবাজারের আর্মড পুলিশ ব্যাটালিয়নের ক্যাম্পের পাশে পৌঁছামাত্র আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। এ সময় ঢাকা সিলেট মহাসড়কে চলাচলকারীরা আতঙ্কিত হয়ে পড়েন। অনেককে সড়কে দিক পরিবর্তন করে দ্রুত লালাবাজার এলাকা ত্যাগ করেন।
সুনামগঞ্জের ধর্মপাশা ও মধ্যনগরে নাশকতা ও আতঙ্ক সৃষ্টির চেষ্টায় চার জায়গায় আগুন দিয়েছে দুর্বৃত্তরা। শুক্রবার রাত ১১টা ও ৩টার দিকে পৃথক পৃথক স্থানে এসব ঘটনা ঘটে। এর মধ্যে ধর্মপাশা উপজেলার সেলবরষ ইউনিয়নের মোদাহরপুর ও আহম্মদপুর গ্রামে তিনটি খড়ের গাদায় আগুন দেয় দুর্বৃত্তরা। এ সময় স্থানীয়দের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ধর্মপাশা ফায়ার সার্ভিসের দমকল বাহিনীর দুটি ইউনিট ও এলাকাবাসীর সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনে।
ধর্মপাশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুদ্দোহা বলেন, অসৎ উদ্দেশ্য হাসিল করার জন্য কেউ এমন ঘটনা ঘটিয়ে থাকতে পারে বলে জানান তিনি। তবে অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশের সতর্ক অবস্থান রয়েছে।
অপরদিকে রাত ৩টার দিকে মধ্যনগর উপজেলার বংশীকুন্ডা দক্ষিণ ইউনিয়নের গড়াকাটা সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে আগুন দিয়ে ভোটারদের মাঝে আতঙ্ক সৃষ্টি করার চেষ্টা করে দুর্বৃত্তরা।
মধ্যনগর থানার ওসি মোহাম্মদ ইমরান হোসেন জানান, পাহারাদারদের চোখ ফাঁকি দিয়ে ভোট কেন্দ্রের একটি কক্ষের জানালা দিয়ে দাহ্য পদার্থ ঢেলে আগুন দেয় দুর্বৃত্তরা। তবে দ্রুত আগুন নিভানোর ফলে তেমন কোনো ক্ষতি হয়নি।
মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার মুন্সীবাজার ইউনিয়নের সরিষকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়, মৌলভীবাজার সদর উপজেলার চাঁদনীঘাট ইউনিয়নের সাবিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং হবিগঞ্জের চুনারুঘাট পৌর এলাকার ধলাইপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে অগ্নিসংযোগ করে দুর্বৃত্তরা। শুক্রবার মধ্যরাতে এসব ঘটনা ঘটে।
কমলগঞ্জ থানার ওসি তদন্ত আব্দুর রাজ্জাক বলেন, আগুনের খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছেছি। ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করা হচ্ছে, তদন্ত চলছে।
মৌলভীবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম নজরুল বলেন, ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করা হয়েছে। ঘটনাস্থল থেকে কেরোসিন পাওয়া গেছে।
হবিগঞ্জের চুনারুঘাট পৌর এলাকার ধলাইপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে আগুন লাগে। খবর পেয়ে চুনারুঘাট ফায়ার সার্ভিস ও আইনশৃঙ্খলা বাহিনী গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
ভিন্নবার্তা/এমএসআই
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051