সিরাজগঞ্জ শহরের শিয়ালকোলে অবস্থিত শহীদ এম মনসুর আলী মেডিক্যাল কলেজের ক্লাস রুমে শিক্ষকের পিস্তলের গুলিতে এক শিক্ষার্থী আহত হয়েছেন। আজ সোমবার (৪ মার্চ) বিকেলে এ ঘটনার পর শিক্ষার্থীরা ওই শিক্ষককে আটকে রেখে বিক্ষোভ করেন। সংবাদ পেয়ে বিপুল পরিমাণ র্যাব, ডিবি পুলিশ ও থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে প্রায় ৩ ঘণ্টা পর পরিস্থিতি শান্ত করে। বর্তমানে কলেজে অতিরিক্ত পুলিশ মোতয়েন রয়েছে।
আহত শিক্ষার্থী আরাফাত রহমান তমালের (২২) পায়ে গুলি লেগেছে। তাকে সিরাজগঞ্জ বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি কলেজের এমবিবিএস অষ্টম ব্যাচের তৃতীয় বর্ষের শিক্ষার্থী। অভিযুক্ত শিক্ষক কলেজের কমিউনিটি মেডিসিন বিভাগের প্রভাষক ডা. রায়হান শরীফ সিরাজগঞ্জ সরকারী বিশ্ববিদ্যালয় কলেজের সাবেক অধ্যক্ষ ড. আব্দুর রাজ্জাকের ছেলে এবং শহরের দত্তবাড়ি মহল্লার বাসিন্দা।
ঘটনার প্রত্যক্ষদর্শী আহত তমালের সহপাঠী শিক্ষার্থী আফিয়া বলেন, ‘বিকেলে সাড়ে ৩টার দিকে আমাদের শিক্ষক রায়হান শরীফ ক্লাসে মৌখিক পরীক্ষা নিচ্ছিলেন। এ সময় তিনি আমাদের উদ্দেশে বলেন, তোমাদের কারো কি পোষা পাখি আছে? আমার একটা পোষা পাখি আছে। এই বলে তিনি তার সঙ্গে থাকা একটি কালো ব্যাগ থেকে পিস্তল বের করে আমাদের দেখিয়ে বলেন, এটা হচ্ছে আমার পোষাপাখি। এ সময় হঠাৎ করেই পিস্তল থেকে গুলি বের হয়ে তমালের পায়ে লাগে।
আরেক শিক্ষার্থী লাবিবার কানের পাশ দিয়ে গেছে।’
এ ঘটনার পর ক্লাস রুমে আতঙ্ক ছড়িয়ে পড়ে। শিক্ষার্থীরা হুড়োহুড়ি শুরু করেন। একপর্যায়ে তারা শিক্ষক রায়হান শরীফকে আটকে রাখেন। ওই সময় ওই শিক্ষকের অপসারণ ও শাস্তির দাবিতে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা।
তমালের আরেক সহপাঠী শিক্ষার্থী সাদিয়া বলেন, ‘স্যারের সঙ্গে তার স্ত্রীর ছাড়াছাড়ি হয়েছে। তিনি প্রতিনিয়ত ক্লাসে এসে শিক্ষার্থীদের আপত্তিকর ইশারা দিতেন। বিষয়টি কলেজ কর্তৃপক্ষ অবগত। তারপরও তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।’
কলেজের সহকারী অধ্যাপক (ফরেনসিক ও মেডিসিন) ডা. আব্দুলাহিল কাফি বলেন, ‘শিক্ষক রায়হান শরীফ এর আগেও কলেজে পিস্তল নিয়ে এসেছিল। বিষয়টি নজরে আসায় তাকে সর্তক করায় সে আমাকেও ভয় দেখিয়েছে। তার বিরুদ্ধে নারী নির্যাতন ও হোস্টেলে গিয়ে শিক্ষার্থীদের মাদক অফার করারও অভিযোগ রয়েছে। কলেজের অধ্যক্ষ তাকে বদলী করার জন্য চেষ্টা করেছিল। কিন্তু ডিজি অফিসকে ম্যানেজ করে সে বহাল তবিয়তে আছে।’
এ বিষয়ে কলেজের পরিচালক জাহাঙ্গীর আলম বলেন, ‘পিস্তল নিয়ে শিক্ষক রায়হান শরীফ কেন কলেজে আসে? তার বিরুদ্ধে কেন আগে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি? বিষয়গুলো খতিয়ে দেখা হবে। আজকের ঘটনায় তার বিরুদ্ধে কলেজের পক্ষ থেকে মামলা করা হবে।’
কলেজের অধ্যক্ষ ডা. আমিরুল হোসেন চৌধুরী বলেন, ‘ওই শিক্ষকের মেজাজ উগ্র। শিক্ষার্থীদের প্রায়ই তিনি রূঢ় আচরণ করেন। ক্লাস ও ক্যাম্পাসে পিস্তল নিয়ে আসায় শিক্ষার্থীরা প্রায়ই তার বিরুদ্ধে অভিযোগ দেন। আমিও তার বদলীর জন্য স্বাস্থ্য অধিদপ্তরের বেশ কয়েকটি পত্র দিয়েছিলাম। কিন্তু কোনো লাভ হয়নি। আজকে অসময়ে ক্লাসে আসতে শিক্ষার্থীদের বাধ্য করায় বাগবিতণ্ডায় শিক্ষার্থীকে গুলির ঘটনায় আমি সত্যিই হতবাক হয়েছি। আমি অফিশিয়াল কাজে ঢাকা এসেছি। সিরাজগঞ্জ ফিরে গিয়ে তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের জন্য আবারও অধিদপ্তরে লিখব।’
অতিরিক্ত পুলিশ সুপার মো. হান্নান মিয়া বলেন, ‘আমরা ঘটনাস্থলে পৌঁছে শিক্ষার্থীদের রোষানল থেকে অভিযুক্ত শিক্ষক রায়হান শরীফকে আটক করে কলেজের একটি কক্ষে রেখেছিলাম। সেখানকার উত্তপ্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে আসার পর তাকে সদর থানায় নেওয়া হয়েছে। তার কাছ থেকে ৭.৫ বোরের একটি পিস্তল জব্দ করা হয়েছে। পিস্তলটি নিবন্ধিত কিনা তা এখনো যাচাই করা যায়নি। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।’
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051