নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের কদমতলী এলাকায় ৮ম শ্রেণির এক ছাত্রীকে (১৪) ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় বৃহস্পতিবার দুপুরে ধর্ষণের শিকার ওই ছাত্রীর মা বাদী হয়ে সিদ্ধিরগঞ্জ থানায় মামলা দায়ের করেছেন। পরে ধর্ষণের ঘটনায় অভিযুক্ত যুবক মাজহারুল ইসলাম রায়হান (২১) কে গ্রেফতার করেছে পুলিশ। অভিযুক্ত মাজহারুল সিদ্ধিরগঞ্জের কদমতলী এলাকার ইসকানদার আলীর ছেলে এবং ঐ ছাত্রীর গৃহ শিক্ষক।
পুলিশ ও মামলার সূত্রে জানা যায়, মাজহারুল ইসলাম রায়হান নামে এক যুবক প্রাইভেট পড়ানোর সুযোগে ওই স্কুল ছাত্রীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন। ছাত্রীর বাবা-মা কাজের জন্য সারাদিন বাড়ির বাইরে থাকেন। এ সুযোগে ওই যুবক শুক্রবার (১৮ সেপ্টেম্বর) ছাত্রীর বাসায় গিয়ে জোরপূর্বক তাকে ধর্ষণ করে। এরপরেও ওই যুবক তাকে একাধিকবার ধর্ষণ করে বলে অভিযোগ করা হয়। পরে ধর্ষণের শিকার ওই স্কুলছাত্রী কয়েকদিন পর বিষয়টি তার মা-বাবাকে অবহিত করে। এ ঘটনায় ওই ছাত্রীর পরিবার বৃহস্পতিবার সিদ্ধিরগঞ্জ থানায় এসে অভিযোগ দায়ের করেন।
এ ব্যাপারে সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ কামরুল ফারুক জানান, প্রাইভেট পড়ার সুযোগে ৮ম শ্রেণির ছাত্রীকে ধর্ষণ করার অভিযোগে মামলা নেয়া হয়েছে। অভিযুক্ত যুবক রায়হানকে গ্রেফতার করে বৃহস্পতিবার বিকালে নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হয়েছে। ধর্ষণের শিকার ওই ছাত্রীকে ডাক্তারী পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।
ভিন্নবার্তা ডটকম/পিকেএইচ
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051