লুডু খেলা ও এতিম বলে গালি দেয়া নিয়ে বিরোধকে কেন্দ্র করে সিগারেট খাওয়া শেষে স্কুলছাত্র রাহাতকে ব্লেড দিয়ে গলা কেটে হত্যা করে তার বন্ধু বিপ্লব। গ্রেফতারের পর র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) কর্মকর্তাদের জিজ্ঞাসাবাদে বিপ্লব এ তথ্য জানিয়েছে।
টাঙ্গাইলের কালিহাতী উপজেলার আগবানিয়ারা গ্রামে পুকুরের পার থেকে স্কুলছাত্র রাহাতের (১৪) লাশ বুধবার উদ্ধার করা হয়। রাহাত ওই গ্রামের শাহাদৎ তালুকদারের ছেলে। লাশ উদ্ধারের পর রাহাতের বাবা বাদী হয়ে অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে কালিহাতী থানায় হত্যা মামলা দায়ের করেন।
গ্রেফতার বিপ্লব (১৮) একই গ্রামের নবু মিয়ার ছেলে।
শনিবার দুপুরে র্যাব-১২ এর ৩নং কোম্পানি কমান্ডার মো. এরশাদুর রহমান জানান, তথ্য প্রযুক্তির মাধ্যমে রাহাতের হত্যার সঙ্গে বিপ্লবের জড়িত থাকার বিষয়টি বের হয়ে আসে। পরে শুক্রবার রাতে কালিহাতীর এলেঙ্গা থেকে তাকে গ্রেফতার করা হয়।
তিনি জানান, গ্রেফতারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে বিপ্লব র্যাবকে জানিয়েছে, মঙ্গলবার রাহাতের সঙ্গে বিপ্লব লুডু খেলে। খেলার সময় দুজনের মধ্যে কথা কাটাকাটি হয়। রাহাত বিপ্লবকে এতিম বলে গালি দেয়। এতে ক্ষিপ্ত হয়ে বিপ্লব রাহাতকে হত্যার সিদ্ধান্ত নেয়। বাজারের একটি দোকান থেকে ব্লেড ও সিগারেট কেনে।
এরপর রাতে রাহাতকে সিগারেট খাওয়ার কথা বলে কাগুজিপাড়া গ্রামে একটি পুকুর পাড়ে নিয়ে যায়। সিগারেট খাওয়া শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই বিপ্লব ব্লেড দিয়ে রাহাতের গলায় পোঁচ দেয়। এ সময় রাহাত চিৎকার দিলে বিপ্লব মুখ চেপে ধরে আরও কয়েকবার পোঁচ দেয়। পরে মৃত্যু নিশ্চিত করতে কাঁদার মধ্যে রাহাতের মুখ চেপে ধরে। রাহাতের মৃত্যু হওয়ার পর লাশ পুকুরে ফেলে দিয়ে তার (রাহাতের) মোবাইল নিয়ে বাড়িতে চলে যায় বিপ্লব। বাড়িতে গিয়ে বিপ্লব গোসল করে এবং তার রক্তমাখা জামাকাপড় ধুয়ে ফেলে।
কোম্পানি কমান্ডার মো. এরশাদুর রহমান জানান, বিপ্লবকে গ্রেফতারের পর তার কাছ থেকে নিহত রাহাতের মোবাইল ফোন সেট উদ্ধার করা হয়। বিপ্লবকে কালিহাতী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
ভিন্নবার্তা ডটকম/আর
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051