বন্দরনগরী চট্টগ্রামের ‘ফুসফুস’ সিআরবিতে হাসপাতাল নির্মাণ প্রক্রিয়ার বিরোধিতায় সামিল হলেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী হাছান মাহমুদ। ফেসবুক স্ট্যাটাসে তিনি জানিয়েছেন, হাসপাতাল নির্মাণ প্রক্রিয়ায় সিআরবির পরিবেশ নষ্ট হোক তা তিনি চান না।
শুক্রবার ফেসবুক স্ট্যাটাসে তিনি আরও জানিয়েছেন, পরিবেশ নষ্ট হয় এমন কোনো কাজ প্রধানমন্ত্রীর হাত দিয়ে হবে না।
ক্ষমতাসীন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাছান মাহমুদ ফেসবুক স্ট্যাটাসে তিনি বলেন, ‘সিআরবিতে পরিবেশ নষ্ট হোক, গাছপালা কাটা হোক সেটি আমি নিজেও ব্যক্তিগতভাবে চাই না এবং সরকার জনগণের বিপক্ষে কোনও কাজ করবে না।’
তিনি লিখেছেন, ‘চট্টগ্রামের সিআরবি একটি নান্দনিক ও ঐতিহাসিক জায়গা। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা পরিবেশ সংরক্ষণের জন্য জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলা করার ক্ষেত্রে বলিষ্ঠ পদক্ষেপ রাখার কারণে তিনি ‘চ্যাম্পিয়ন অব দ্য আর্থ’ পদকে ভুষিত হয়েছেন। সুতরাং বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রীর হাত দিয়ে পরিবেশ নষ্ট হয় এমন কোনো কাজ হবে না।'
এদিকে সিআরবি রক্ষার দাবিতে গড়ে উঠা প্ল্যাটফর্ম নাগরিক সমাজ-চট্টগ্রামের প্রতিনিধিরা জানিয়েছেন, কঠোর লকডাউনের মধ্যেও চট্টগ্রামের 'ফুসফুস' সিআরবি রক্ষায় চলমান আন্দোলন অনলাইন প্ল্যাটফর্মে অব্যাহত থাকবে।

নাগরিক সমাজের প্রতিনিধি চট্টগ্রাম প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক শুকলাল দাশ সমকালকে জানান, কঠোর লকডাউনের সুযোগে সিআরবিতে যাতে হাসপাতাল নির্মাণের কাজ শুরু না হয়, সেদিকে নজরদারি করা হবে। এজন্য একাধিক টিমও গঠন করেছে নাগরিক সমাজ, চট্টগ্রাম।
নাগরিক সমাজের টিম প্রতিদিন পালা করে সরেজমিনে সিআরবিতে যাবেন।
সিআরবিতে হাসপাতাল নির্মাণ বন্ধে চট্টগ্রামের নাগরিক ব্যক্তিত্বদের পক্ষ থেকে একটি ও পেশাজীবী সংগঠনের পক্ষ থেকে আরেকটি চিঠি দেওয়া হবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দপ্তরে। এছাড়াও জেলা প্রশাসক ও বিভাগীয় কমিশনারের মাধ্যমেও চিঠি দুটি পাঠানো হবে।
কোরবানির ঈদের সরকারি ছুটির মধ্যেও অব্যাহত ছিল ‘সিআরবি রক্ষা আন্দোলন’। নাগরিক সমাজ, চট্টগ্রাম ছাড়াও বিভিন্ন সংগঠন সিআরবিতে মিছিল, প্রতিবাদ সমাবেশের আয়োজন করেছিল, দেওয়া হয়েছে বিবৃতিও।
‘সিআরবি রক্ষা আন্দোলনে’ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের পাশাপাশি বিভিন্ন শ্রেণি-পেশার মানুষও অংশ নিচ্ছেন।
এরপরও সিআরবিতে হাসপাতাল নির্মাণ প্রক্রিয়া থেকে সরে আসেনি রেলওয়ে কিংবা ইউনাইটেড এন্টারপ্রাইজ।
ভিন্নবার্তা ডটকম/এন
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051