কক্সবাজারের টেকনাফের হ্নীলা ইউনিয়নের লেদা ছ্যুরিখাল সীমান্ত এলাকা দিয়ে বাংলাদেশে অনুপ্রবেশের সময় ধাওয়া খেয়ে নৌকায় ফেলে যাওয়া সাড়ে ৩ লাখ ইয়াবা জব্দ করেছেন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। মঙ্গলবার রাত ১০টার দিকে এ অভিযান চালানো হয়।
টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. ফয়সল হাসান খান বলেন, টেকনাফ ব্যাটালিয়নের লেদা বিওপি’র আওতাধীন লেদা ছ্যুরিখাল এলাকা দিয়ে মঙ্গলবার রাতে মিয়ানমার হতে ইয়াবার একটি বড় চালান বাংলাদেশে ঢুকতে পারে। এমন খবরে লেদা বিওপি’র একটি বিশেষ টহলদল দ্রুত ঐ এলাকায় গিয়ে অবস্থান নেয়। রাত ৯ টার দিকে টহলদল কয়েকজন ব্যক্তিকে নাফ নদীতে জোয়ার থাকা অবস্থায় একটি নৌকাযোগে লেদা ছ্যুরিখাল সংলগ্ন কেওড়া জঙ্গলে প্রবেশ করতে দেখে চ্যালেঞ্জ করে। উক্ত ব্যক্তিরা দূর হতে টহলদলের উপস্থিতি লক্ষ্য করে কেওড়া জঙ্গলের আড় ব্যবহার করে অন্ধকারের সুযোগ নিয়ে নৌকাটি বিপরীত দিকে ঘুরালে ধাওয়া দেয়া হয়। তখন তারা নৌকায় থাকা প্লাস্টিকের কয়েকটি বস্তা কেওড়া বাগানে ফেলে নাফনদের শুন্য রেখা অতিক্রম করে মিয়ানমারের অভ্যন্তরে চলে যায়। পরবর্তীতে কেওড়া জঙ্গল তল্লাশী করে ইয়াবা পাচারকারীদের ফেলে যাওয়া ৪টি প্লাষ্টিকের বস্তা উদ্ধার করে। বস্তা গুলো খুলে গণনা করে ৩ লাখ ৫০ হাজার ইয়াবা পাওয়া যায়। পাচারকারীদের আটকের পরবর্তী ২ ঘন্টা যাবৎ অভিযান চালানো হলেও পাচারকারীকে আটক করা সম্ভব হয়নি। তাদের সনাক্ত করতে গোয়েন্দা কার্যক্রম চলমান রয়েছে।
তিনি আরও বলেন, মালিকবিহীন ইয়াবাগুলো বর্তমানে ব্যাটালিয়ন সদরের ষ্টোরে জমা রাখা হয়েছে এবং প্রয়োজনীয় আইনী কার্যক্রম শেষে পরবর্তীতে উর্ধতন কর্মকর্তা, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের প্রতিনিধি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও মিডিয়া কর্মীদের উপস্থিতিতে ধ্বংস করা হবে।
ভিন্নবার্তা ডটকম/পিকেএইচ
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051