
রাজধানীর উত্তরা পশ্চিম থানায় মানিলন্ডারিং আইনে রিজেন্ট গ্রুপের চেয়ারম্যান মো. সাহেদ ওরফে সাহেদ করিমের বিরুদ্ধে দায়ের করা মামলাটি বিচারের জন্য বদলির আদেশ দিয়েছেন আদালত।
রোববার (১৯ ফেব্রুয়ারি) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শান্তা ইসলাম মল্লিক মামলার পরবর্তী বিচারিক কার্যক্রমের জন্য মহানগর দায়রা জজ আদালতে বদলি করেন।
এর আগে গত বৃহস্পতিবার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটির তদন্ত কর্মকর্তা সিআইডির ফাইন্যান্সিয়াল ক্রাইমের পরিদর্শক মো. মনিরুজ্জামান চার্জশিট দাখিল করেন।
জানা গেছে, মো. সাহেদ ২০১৭ থেকে ২০২০ সাল পর্যন্ত বিভিন্ন ব্যক্তির সঙ্গে প্রতারণা ও জালিয়াতির মাধ্যমে ৭ কোটি ৯০ লাখ ৩৭ হাজার ৬৭০ টাকা আত্মসাৎ করেন। এর বাইরে করোনা পরীক্ষার জাল সনদ সরবরাহের মাধ্যমে আরও ৩ কোটি ১১ লাখ ৯০ হাজার ২২৭ টাকা আত্মসাৎ করেন। সব মিলিয়ে তিনি প্রতারণার মাধ্যমে ১১ কোটি ২ লাখ ২৭ হাজার ৮৯৭ টাকা আত্মসাৎ করেন। এরমধ্যে ৮ কোটি ৯৯ লাখ ২৭ হাজার ৮৯৭ টাকা তিনি ভোগবিলাসে খরচ করেছেন বলে তদন্তে উঠে আসে।
সাহেদের বিরুদ্ধে পল্লবী থানায় একটি, ধানমন্ডি থানায় দুটি, বরিশালে একটি, বিডিএস কুরিয়ার সার্ভিসে চাকরির নামে মানুষের কাছ থেকে টাকা নিয়ে প্রতারণার কারণে উত্তরা থানায় আটটি মামলাসহ ৩২টি মামলা চলমান রয়েছে। এর মধ্যে অস্ত্র আইনের একটি মামলায় তার যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।
ভিন্নবার্তা ডটকম/এন
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051