সম্প্রতি দেশের বিভিন্ন স্থানে সাম্প্রদায়িক হামলার নিন্দা জানিয়ে বিবৃতি দিয়েছেন দেশের ৪৭ নাগরিক। আজ শুক্রবার দেওয়া এ বিবৃতিতে হামলাকারীদের দ্রুত বিচারের আওতায় আনার আহ্বান জানানো হয়।
বিবৃতিতে বলা হয়, 'সম্প্রতি দেশের বিভিন্ন স্থানে ধর্মীয় সংখ্যালঘু জনগোষ্ঠীর পূজামণ্ডপ ও বাড়িঘরে হামলা, ভাঙচুরের ঘটনায় আমরা ক্ষোভ ও তীব্র নিন্দা জানাচ্ছি। আমরা মনে করি যারা এসব ঘটনার সঙ্গে প্রত্যক্ষ কিংবা পরোক্ষভাবে জড়িত, তারা দেশের সব নাগরিকের সমঅধিকার প্রতিষ্ঠার বিরোধী এবং পক্ষান্তরে স্বাধীনতা ও সার্বভৌমত্বের জন্য চরম হুমকিস্বরূপ। তাই অবিলম্বে এইসব দুষ্কৃতিকারীদের চিহ্নিত করে বিচারের আওতায় এনে যথাযথ শাস্তি নিশ্চিতের জন্য আমরা সরকারের প্রতি দাবি জানাচ্ছি।'
সেই সঙ্গে ক্ষতিগ্রস্তদের যথাযথ ক্ষতিপূরণ দেওয়ার আহ্বানও জানানো হয় বিবৃতিতে।
এতে আরও বলা হয়, 'কুমিল্লায় সংঘটিত ঘটনার পর প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর আরও সতর্ক, সক্রিয় ও দায়িত্বশীল ভূমিকা পালন করা উচিত ছিল। কিন্তু ওই ঘটনাকে কেন্দ্র করে পরবর্তীতে দেশের বিভিন্ন এলাকায় আরও সাম্প্রদায়িক হামলা আমরা দেখলাম, যার দায় প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কোনোভাবেই এড়াতে পারে না। প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এই নিষ্ক্রিয়তার কারণ কী তা খুঁজে বের করতে হবে।'
'অন্যদিকে কিছু জায়গায় জড়ো হওয়া জনতাকে ছত্রভঙ্গ করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গুলিবর্ষণের যে ঘটনা ঘটেছে, তাতে শক্তিপ্রয়োগ পরিমিত ও আইনানুগ ছিল কি না তাও তদন্ত করে দেখতে হবে,' এতে উল্লেখ করা হয়।
বিবৃতিদাতারা বলেন, 'দেশের বিভিন্ন স্থানে ঘটা এসব নিন্দনীয় সহিংস ঘটনার পর আমরা চরম উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছি যে, আমাদের প্রধান রাজনৈতিক দলগুলো ঐক্যবদ্ধভাবে এগুলো প্রতিহত করার পরিবর্তে একে অপরকে দোষারোপ করার পুরোনো অভ্যাসে লিপ্ত হয়েছে। যথাযথ তথ্য-প্রমাণ বিবর্জিত এ ধরনের দোষারোপের রাজনীতি প্রকৃত অপরাধীদের প্রকারান্তরে আড়ালে থাকতে এবং পার পেয়ে যেতে সহায়তা করে।'
ভিন্নবার্তা ডটকম/এন
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051